বলিউডের আলোচিত ও ব্যবসাসফল সিক্যুয়াল ‘ধুম’। এরই মধ্যে ব্লকবাস্টার এ ছবির তিনটি সিরিজ মুক্তি পেয়েছে। এবার চতুর্থ সিরিজ নিয়ে হাজির হতে যাচ্ছে যশ রাজ ফিল্মস। আর ‘ধুম ৪’-এর মুখ্য চরিত্রে দেখা যেতে পারে অক্ষয় কুমারকে। এমনটাই গুঞ্জন রটেছে বলিউডপাড়ায়। যদিও এর আগে শোনা গিয়েছিল ধুম ফ্র্যাঞ্চাইজির পরের ছবিতে ভাইজানখ্যাত সালমান খান এবং পরে শোনা গিয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানের নাম। আগের গুঞ্জনগুলো পরবর্তী সময়ে মিথ্যা প্রমাণিত হয়েছিল। তবে সম্প্রতি মিড ডের প্রতিবেদন বলছে, যশ রাজ ফিল্মস ধুমের চতুর্থ কিস্তিতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য অক্ষয় কুমারের সঙ্গে যোগাযোগ করছে।

এমন খবরের পরিপ্রেক্ষিতে যশ রাজ ফিল্মস একটি বিবৃতি দিয়ে খবরটি সত্য নয় বলে জানিয়েছে। বিবৃতিতে তারা বলেছে, মিড ডেতে প্রকাশিত খবরটি একেবারে ভুল ও ভিত্তিহীন। ধুম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্র্যাঞ্চাইজি, তবে বর্তমানে ধুম ৪-এর কোনো ধারণা বা স্ক্রিপ্ট আমাদের কাছে নেই।

সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে তারা বলেছেন, যেকোনো বিষয় পরিষ্কার করে তুলে ধরতে এবং সঠিক তথ্য উপস্থাপনে আমাদের সঙ্গে যোগাযোগ করে তথ্য ডাবল-চেক করে নেয়ার অনুরোধ জানাচ্ছি।

এর আগে সূত্রের বরাত দিয়ে ট্যাবলয়েড মিড ডের খবরে বলা হয়েছিল, আদিত্য চোপড়া অক্ষয়কে বুঝিয়েছেন, তিনি ধুমের পরবর্তী কিস্তিতে ভিলেন চরিত্রের জন্য উপযুক্ত। ছবির বর্ণনাসহ তাদের দুজনের কয়েকটি সভাও হয়েছে। মুখ্য চরিত্রে অক্ষয়কে আন্ডারওয়ার্ল্ড ডনের ভূমিকায় দেখা যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ দিকে আদিত্য ও অক্ষয় ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। চতুর্থ কিস্তিতে অভিষেক বচ্চন ও উদয় চোপড়াকে নাও দেখা যেতে পারে। মুখ্য নারী চরিত্রে অভিনয় করতে পারেন বিউটি কুইন মানুশি চিল্লার।

 

সূত্র : ডিএনএ