পুষ্পা সিনেমার তারকা আল্লু অর্জুনকে তেলেঙ্গানা হাইকোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছেন।
তার সিনেমা দেখতে গিয়ে পদদলিত হয়ে ৩৯ বছর বয়সী এক নারী মারা যান। তার নয় বছর বয়সী ছেলেও আহত হন। ৪ ডিসেম্বরের এ ঘটনার জন্য তেলেগু পুলিশ আল্লু অর্জুন, থিয়েটার ম্যানেজমেন্ট টিম ও তার সিকিউরিটি টিমের বিরুদ্ধে অভিযোগ এনেছে। সে কারণেই গ্রেফতার করা হয় অর্জুনকে।
আল্লুর ‘পুষ্পা’ দেখতে ভিড় জমে গিয়েছিল অনেক। তিনি এসেছিলেন ওই থিয়েটারে। সে কারণে তাকে দেখার ইচ্ছায় আরো বেশি মানুষ গিয়েছিল সেখানে। ফলে তৈরি হয় হাঙ্গামা। বিষয়টি সামলাতে পারেনি থিয়েটারের লোকজন। এরপর আল্লু অর্জুন বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে ভিকটিমের পরিবারকে ২৫ লাখ রুপি দেয়ার ঘোষণা দেন।
তার পরও তাকে গ্রেফতার নিয়ে প্রশ্ন ওঠে। তবে পুলিশের বক্তব্য হলো ওই অনুষ্ঠানে আল্লু অর্জুনের উপস্থিতিই দর্শকের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। থিয়েটার ম্যানেজমেন্ট তা সামলাতে পারেনি। আল্লু অর্জুনের সিকিউরিটিও তা সামলাতে পারেনি। তাই এফআইআরে তাকে রাখার পাশাপাশি গ্রেফতারও করা হয়। তবে তেলেগু পুলিশ নিশ্চিত করেছেন, যথাযথ তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।
সূত্র: নিউজ এইটিন ও এনডিটিভি










