হলিউড অভিনেতা নিকোলাস কেজের সংগ্রহের পুরনো কমিকের একটি কপি অনলাইন নিলামে রেকর্ড ২১ লাখ ৬১ হাজার ডলারে বিক্রি হয়েছে। এটি অ্যাকশন কমিকসের প্রথম সংখ্যা, এতেই সুপারম্যানকে প্রথমবারের মতো দেখা যায়।
নিলামে ২ মিলিয়ন ডলারেরও বেশি দামে বিক্রি হওয়া এটি প্রথম কমিক। আগের রেকর্ডটি ছিল ২০১০ সালের মার্চে ১ দশমিক ৫ মিলিয়ন ডলারে বিক্রি হওয়া ‘অ্যাকশন কমিকস নং ১’
এরই একটি কপির।
কেজের কমিকটি ২০০০ সালে তার বাসা থেকে চুরি হয়ে যায়। কিছুদিন আগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পরিত্যক্ত একটি স্টোরেজ লকারের মধ্যে কমিকটি খুঁজে পায়। কমিকটি এখনো খুবই ভালো অবস্থায় রয়েছে। তাই কমিক বিশেষজ্ঞরা এটিকে ৯ গ্রেড দিয়েছেন, যা কিনা এখন পর্যন্ত ‘অ্যাকশন কমিকস নং ১’-এর কোনো কপির জন্য সর্বোচ্চ।
পুরো বিশ্বে ‘অ্যাকশন কমিকস নং ১’-এর প্রায় ১০০টি কপি থাকলেও বিশেষজ্ঞরা মনে করেন যে কেজের কমিকের মতো ভালো অবস্থায় আর মাত্র পাঁচ-ছয়টি কমিক এখনো আছে।
কেজের এ ‘অ্যাকশন কমিকস নং ১’
প্রথমে আলোড়ন সৃষ্টি করেছিল ১৯৯২ সালে। একজন অজ্ঞাত ব্যক্তি সোথবি এর নিলামে এটি বিক্রির জন্য এনেছিল। তত্কালীন রেকর্ড ৮২ হাজার ৫০০ ডলারে বিক্রি হয়েছিল কমিকটি। কেজ ১৯৯৭ সালে কমিকটিকে প্রায় ১ লাখ ৫০ হাজার ডলারে কিনেছিলেন।
২০০০ সালের ২১ জানুয়ারি নিকোলাস কেজ লস অ্যাঞ্জেলেস পুলিশের কাছে কমিক চুরির জন্য রিপোর্ট করেন। ‘অ্যাকশন কমিকস নং ১’
ছাড়াও আরো দুটি কমিক সেদিন চুরি হয়েছিল। কমিকগুলো কেজের বাসার দেয়ালে একটি ফ্রেমে প্রদর্শিত ছিল।
২০১১ সালের এপ্রিলে সান ফার্নান্দো ভ্যালি স্টোরেজ লকার থেকে ‘অ্যাকশন কমিকস নং ১’-এর কেজের কপিটি উদ্ধার করা হয়েছিল। যে ব্যক্তি কমিকটি পেয়েছিল, সে ওই পরিত্যক্ত লকারের সামগ্রীগুলো কিনেছিল। কমিকটি গত বুধবার একটি অনলাইন নিলামে ২১ লাখ ৬১ হাজার ডলারে বিক্রি হয়েছে।
সূত্র: হলিউড রিপোর্টার










