নেটফ্লিক্স আনল নতুন চমক। শিগগিরই এ ওটিটি জায়ান্টে স্ট্রিম হবে জেমস বন্ডের বেশকিছু সিনেমা। অ্যামাজন এমজিএমের সঙ্গে এক বিশেষ চুক্তি হয়েছে। এ চুক্তির মাধ্যমে জানুয়ারি থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হবে সিনেমাগুলো। বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ অ্যামাজন ও নেটফ্লিক্স পরস্পরের সরাসরি প্রতিদ্বন্দ্বী স্ট্রিমিং প্লাটফর্ম। তবে ওয়ার্নার ব্রসের কেনা ও অন্যান্য কিছু কারণে নেটফ্লিক্স এখন দর্শক পছন্দের পাশাপাশি ব্যবসায়িক ও প্রতিযোগিতায়ও এগিয়ে আছে।

আগামী ১৫ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানভাষী দেশ, লাতিন আমেরিকা ও আরো কয়েকটি অঞ্চলের নেটফ্লিক্স গ্রাহকরা দেখতে পারবেন বন্ডের সিনেমাগুলো। এর মধ্যে থাকছে সাম্প্রতিক বন্ড ফিল্ম ‘নো টাইম টু ডাই’ ছাড়াও ‘ডাই অ্যানাদার ডে’, ‘কোয়ান্টাম অব সোলেস’ ও ‘স্কাইফল’। তবে এ সিনেমাগুলো তিন মাসের জন্য নেটফ্লিক্সে থাকবে।

শুধু জেমস বন্ড নয়, অ্যামাজনের মালিকানাধীন আরো জনপ্রিয় কিছু টাইটেলও এ চুক্তির আওতায় নেটফ্লিক্সে আসছে। এর মধ্যে রয়েছে ‘রকি’ ও ‘ক্রিড’ সিরিজের নির্বাচিত সিনেমা ও ‘লিগ্যালি ব্লন্ড’ ফ্র্যাঞ্চাইজি। পাশাপাশি অ্যামাজনের জনপ্রিয় সিরিজ ‘হান্টার্স’ এরই মধ্যে কিছু অঞ্চলে নেটফ্লিক্সে প্রচার হচ্ছে। ভবিষ্যতে ‘ম্যান ইন দ্য হাই ক্যাসেল’সহ আরো কিছু সিরিজ যুক্ত হবে।

অ্যামাজন এমজিএম স্টুডিওজের ওয়ার্ল্ডওয়াইড ডিস্ট্রিবিউশনের প্রধান ক্রিস ওটিঙ্গার জানান, এমজিএম অধিগ্রহণের পর থেকেই অ্যামাজনের পরিকল্পনা ছিল তাদের আইকনিক কনটেন্ট বিশ্বজুড়ে বিভিন্ন স্ট্রিমিং পার্টনারের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে দেয়া। তার মতে, জেমস বন্ড আজও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। সে কারণেই তারা দর্শকের জন্য ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে আসছেন।

এদিকে নতুন বন্ড সিনেমার জন্য দর্শকের অপেক্ষা আরো দীর্ঘ হচ্ছে। দেনি ভিলেনোভ পরিচালিত ২৬তম বন্ড ফিল্ম সম্ভবত ২০২৮ সালের আগে আসছে না। সে অপেক্ষার সময় নেটফ্লিক্সে বন্ডের প্রত্যাবর্তন নিঃসন্দেহে ভক্তদের উত্তেজনা ধরে রাখতে বড় ভূমিকা রাখবে।

সূত্র ও ছবি: ভ্যারাইটি