আসছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। আগামী ১১ জানুয়ারি শুরু হচ্ছে উৎসব। নয় দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ৭৫ দেশের প্রায় ২৫০টি সিনেমা। এবারের উৎসবে জুরিবোর্ডের দায়িত্ব পেয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। উৎসবের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়।

এবারের চলচ্চিত্র উৎসবে এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগে বিচারকের দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন। এর আগেও একবার তিনি দায়িত্ব পালন করেছিলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আগেও একবার এ উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছি। এরপর তারা অনুরোধ জানালেও আমি সময় করতে পারিনি। এ বছর আবারো দায়িত্ব নিয়েছি। চেষ্টা করব, আমার ওপর অর্পিত দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার।’

এ বিভাগের জুরি হিসেবে আরো আছেন নরওয়ের চলচ্চিত্র পরিবেশক এজ হোফার্ট, চীনের চিত্রনাট্যকার ও পরিচালক ঝ্যাং ইউডি, মঙ্গোলিয়ার অভিনেত্রী মুনগুনজুল আমগালানবাতার এবং ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক ড্রাগন মিলিনকোভিচ।

আজমেরী হক বাঁধন দায়িত্ব পালন করবেন উইমেন ফিল্মমেকার বিভাগে। এ বিভাগে জুরির দায়িত্বে আরো আছেন লন্ডনপ্রবাসী বাংলাদেশের অভিনেত্রী ও নির্মাতা লিসা গাজী, চীনের মেই পো রেইনবো ফং এবং ইরানি অভিনেত্রী হুদা মোগাদ্দাম মানিশ।

জুরির দায়িত্ব নিয়ে বাঁধন বলেন, ‘অনেক বছর ধরে ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজন করা হচ্ছে। এ উৎসবে জুরি হিসেবে অংশ নেয়া আমার জন্য সম্মানের, অনেক আনন্দের। অপেক্ষায় আছি বাকি জুরিদের সঙ্গে কাজ করার।’

এর আগে ব্রাসেলসে অনুষ্ঠিত আই অ্যাম টুমোরো চলচ্চিত্র উৎসব ও বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালন করেছেন বাঁধন। তবে দুই উৎসবেই যোগ দিয়েছিলেন অনলাইনে। এবারই প্রথম সশরীরে কোনো উৎসবের জুরি হিসেবে অংশ নেবেন বাঁধন। তিনি বলেন, ‘এবারই প্রথম সশরীরে জুরি হিসেবে ফেস্টিভ্যালে থাকতে পারব, এটা আমার জন্য অনেক আনন্দের। উৎসবটি সবার জন্য উন্মুক্ত। সবাইকে উৎসবে এসে দেশ-বিদেশের সিনেমা দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’