২০০৫ সালের ব্লকবাস্টার ছবি বান্টি ওর বাবলি। সম্প্রতি এই ছবির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছে যশ রাজ ফিল্মস। ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদি ও শর্বরী অভিনয় করবেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন সাইফ আলী খান এবং রানী মুখার্জি। প্রায় ১১ বছর পর এই ছবির মাধ্যমে তারা আবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন। সর্বশেষ এই জুটিকে ২০০৮ সালে মুক্তি পাওয়া থোরা পেয়ার থোরা ম্যাজিক ছবিতে দেখা গেছে। হাম তুম এবং তা রা রাম পাম-এর মতো ছবিতেও তারা একসঙ্গে কাজ করেছেন। বান্টি ওর বাবলি ছবিতে অভিনয় করেছিলেন রানী মুখার্জি ও অভিষেক বচ্চন। তবে এবারের এ নতুন সিক্যুয়েলে থাকছে না পুরনো বান্টি অভিষেক বচ্চন। বান্টি চরিত্রে এবার দেখা যাবে সাইফ আলী খানকে। নতুন এই সিক্যুয়েলে দুই জোড়া বান্টি-বাবলিকে দেখতে পাবে দর্শক।

সম্প্রতি বান্টি ওর বাবলি টু ছবি নিয়ে রানী এক বিবৃতিতে বলেন, ‘এই ছবি দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছে। এ কারণে যশ রাজ ফিল্মস ছবির সিক্যুয়েল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। ছবিতে আমার এবং অভিষেকের দুটি চরিত্র রাখার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু পরে তা আর হয়নি। আমরা তাকে খুব মিস করব। টিম হিসেবে সাইফকে স্বাগত জানাই। তার সঙ্গে কাজের অনেক আনন্দময় স্মৃতি রয়েছে। এই ছবিতে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি, প্রথম ছবিটির মতো এবারো দর্শকের ভালোবাসা পাব।’

অন্যদিকে সাইফ আলী খান বলেন, ‘বান্টি ওর বাবলি টু ছবির গল্প সম্পূর্ণ নতুন এবং বর্তমান প্রেক্ষাপটের। এর চিত্রনাট্য দারুণ, পড়েই কাজের আগ্রহ তৈরি হয়েছে। পুরো পরিবার নিয়ে দেখার মতো একটি ছবি। ছবির এই বিষয়টি আমার ভালো লেগেছে। ছবির সংলাপ, ভূমিকা—এগুলো অনেক আলাদা। আমি সবসময় চিত্রনাট্যে এই বিষয়গুলো খুঁজে থাকি। রানী এবং আমি আগেও একসঙ্গে কাজ করেছি। অনেক মজার অভিজ্ঞতা রয়েছে আমাদের। তার সঙ্গে কাজের অপেক্ষায় আছি। এছাড়া আবার যশ রাজ ফিল্মসের ছবিতে ফিরছি, এটিও অনেক আনন্দের।’ বান্টি ওর বাবলি টু ছবির পরিচালক বরুণ শর্মা এবং প্রযোজক আদিত্য চোপড়া।

 

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস