উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা। বাংলাদেশে চলচ্চিত্রের অসংখ্য গান তিনি উপহার দিয়েছেন। এবার রুনা লায়লার সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন সুরকার, সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানটির রেকর্ড সম্পন্ন হয়। এ প্রসঙ্গে জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লা বলেন, ‘খুব সুন্দর একটি গান। কম্পোজিশনটা এক কথায় অসাধারণ। গালিবের লেখা গানের কথাও খুব সুন্দর। সত্যিই, বাপ্পার সঙ্গে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। প্রথমবার আমার আর বাপ্পার ডুয়েট গান। একটি কথাই বলব, গানটি গেয়ে অনেক তৃপ্তি পেলাম।’
বাপ্পা মজুমদার বলেন, ‘আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা! আমার প্রথম থেকেই ভীষণ নার্ভাস লাগছিল! গানটি মূলত করা হয়েছিল শুধু ম্যামের জন্য! ম্যাম নিজে থেকেই বলেছিলেন, ‘‘তুমি বরং আমার সঙ্গে গাও! গানটি ডুয়েট হোক!’’ ব্যাপারটি আমার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো বললে অত্যুক্তি হবে না একদমই! পুরো আয়োজনটি গালিব ভাইয়ের! তাই এ আয়োজনের সিংহভাগ কৃতিত্ব গালিব ভাইকেই দিতে চাই। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে, সেই সঙ্গে গান যারা ভালোবাসেন, তারাও পছন্দ করবেন। বাকিটা শ্রোতাদের হাতেই ছেড়ে দিলাম।’










