বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে নিজের স্থান করে নিয়েছেন মন্দিরা চক্রবর্তী। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’য় অভিনয় করে তিনি প্রশংসিত হন। গত ৭ জুন ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল ‘নীল চক্র’। সিনেমায় মন্দিরা চক্রবর্তীর সঙ্গে ছিলেন আরিফিন শুভ। মিঠু খান পরিচালিত নীল চক্রতে মন্দিরা চক্রবর্তী অভিনয়ে আরো অনেক বেশি প্রাণবন্ত ছিলেন। এর স্বীকৃতিও পেয়েছেন এবং সে সূত্রে মন দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিলেন।
আজ তার জন্মদিন। এ উপলক্ষে এবার বিশেষ কোনো আয়োজন থাকছে না। তিনি জানান, বাবা-মা ও পরিবারের অন্যদের সঙ্গেই আজকের দিনটি বিশেষভাবে উদযাপন করবেন। মন্দিরা বলেন, ‘এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। তবে বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে উদযাপন করব।’
নীল চক্র সিনেমায় অভিনয়ের জন্য পরপর তিনটি অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে মন্দিরা চক্রবর্তী বলেন, ‘সত্যিই আমি অভিভূত, মুগ্ধ। এ সিনেমা মুক্তির পর থেকেই দর্শকের কাছ থেকে আমি ভীষণ সাড়া পেয়ে আসছি। সিনেমাটি যত দিন হলে চলেছে, তত দিনই নানা মাধ্যমে এতে অভিনয়ের জন্য সাড়া পেয়েছি। এতে করে একজন অভিনেত্রী হিসেবে ভীষণ অনুপ্রাণিত হয়েছি। কাজের প্রতি ডেডিকেশন আমার আরো অনেক বেড়ে গেছে। এ ডেডিকেশনকে ধরে রাখতে, আরো অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে পরপর তিনটি সংগঠন কর্তৃক সম্মাননা পাওয়া। ধন্যবাদ জানাই, যারা আমাকে নীল চক্রতে অভিনয়ের জন্য অনুপ্রেরণা দিয়েছেন আর যারা আমাকে সিনেমাটিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছেন। এ প্রাপ্তিই আসলে আগামী দিনে আরো ভালো ভালো সিনেমায় কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে।’
এতে ভর করেই মন্দিরা তার অভিনয়ে আরো বেশি মনোযোগী হবেন বলে জানান। এর মধ্যেই কাজলরেখার পর নীল চক্রতে তার অভিনয় ভালো হওয়ায় বাংলা সিনেমায় তার স্থান দৃঢ় হয়েছে।
নীল চক্রর কাহিনীকার ছিলেন অংকন পোদ্দার, নাজিম উদ দৌলা, অঞ্জন সরকার জিমি ও মিঠু খান। চিত্রনাট্য করেছেন মিঠু খান ও নাজিম উদ দৌলা। সিনেমাটি প্রযোজনা করেছেন এনায়েত আকবর মিলন ও আসিফ আকবর। যে কারণে যারাই হলে গিয়ে সিনেমাটি উপভোগ করেছেন, তারাই তার অভিনয়ের প্রশংসা করেছেন।










