প্রায় দুই বছর পর নতুন সিনেমায় নতুন লুকে হাজির হলেন আফরান নিশো। ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘দাগি’। সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে গতকাল বিকালে। তাতেই নড়েচড়ে বসেছে ভক্ত দর্শক।
১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান। প্রথমে নিশো হাজির হন বড় চুলে, মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিকভাবেই আর একদম শেষে তিনি হাজির হন কয়েদির পোশাকে। তার কয়েদি নম্বর ৭৮৬। টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে।

এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। দাগি তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। টিজার প্রকাশের প্রতিক্রিয়ায় নির্মাতা বলেন, ‘দর্শক টিজারটি পছন্দ করছেন, এটা আনন্দের। তবে দর্শককে বলতে চাই, এটা তো মাত্র প্রথম ঝলক, চমকের অনেক কিছুই একে একে আসতে থাকবে। যারা আমার কাজ সম্পর্কে জানেন কিংবা সিনেমাটি নিয়ে যে প্রত্যাশা রাখেন, আশা করছি তার সবই পাবেন এ সিনেমায়।’
১০ মার্চ সন্ধ্যা ৭টায় সিনেমাটির টিজার আসার ঘোষণা দেয়ার পর থেকেই অপেক্ষার প্রহর গুনছিলেন দর্শক-ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যে তারা জানান দিচ্ছিল টিজারটি দেখার উৎকণ্ঠার কথা। চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে টিজার অ্যানাউন্সমেন্ট পোস্টে এক মন্তব্যকারী লিখেছেন, ’দাগি শুধু একটা সিনেমা নয়, মনে হচ্ছে একটা আবেগ!’
প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শাহরিয়ার শাকিল বলেন, ‘টিজারের মাধ্যমে দর্শক প্রথমবারের মতো এর কিছু দৃশ্য দেখল এবং তাদের খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। তবে দর্শক যখন প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে সিনেমাটিকে ভালো বলবে. তখন আমাদের চেষ্টা সার্থক হবে।’
দর্শক-ভক্তরা দাগির প্রচার আরো আগে থেকে প্রত্যাশা করেছিলেন। এ নিয়ে তারা সরবও ছিল সামাজিকমাধ্যমে। এ প্রসঙ্গে শাহরিয়ার শাকিল বলেন, ‘প্রচার আগেও করছি না, আবার দেরি করেও করছি না, এটা যখন হওয়ার কথা তখনই হচ্ছে। আমাদের শুরু থেকে ঠিক করা থাকে কখন কোন প্রমোশন যাবে। দাগি দুর্দান্ত গল্পের সিনেমা। ঈদে সপরিবার সবাই দেখবেন।’
এ সিনেমার অন্যতম প্রযোজক ওটিটি প্লাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, ’টিজারের মাধ্যমে দর্শকের সামনে তাদের প্রিয় অভিনেতা আফরান নিশো হাজির হলেন। দর্শক-ভক্তরা তার জন্য অপেক্ষা করছিল। টিজারে গল্পের কোনো ধারণা দেয়া হয়নি। ধীরে ধীরে যখন আরো কিছু প্রকাশ পাবে, আমার বিশ্বাস দর্শক সিনেমাটি দেখতে উদগ্রীব হয়ে উঠবে। আমি আগেও বলেছি, দাগির গল্প অসাধারণ এবং সিনেমাটি একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করবে।’
দীর্ঘ বিরতির পর দ্বিতীয় সিনেমার দর্শকের সামনে আফরান নিশো। নতুন সিনেমার ঝলক নিয়ে দর্শকের সামনে এসে কেমন লাগছে জানতে চাইলে অভিনেতা বলেন, ‘ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এ সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে। দাগি এমন এক গল্প, যা ভাগ্য ও পরিণতি নিয়ে দর্শকের মধ্যে প্রশ্ন তুলবে।’
অভিনেত্রী তমা মির্জা বলেন, ‘আগে থেকেই বুঝতে পারছিলাম সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ অনেক। টিজার প্রকাশের পর দর্শকের ভালোবাসা আমাকে সিক্ত করছে। নিশো ভাই ও আমার জুটির দ্বিতীয় সিনেমা এটি। আশা করছি, দর্শকের প্রত্যাশা পূরণ করবে সিনেমাটি।’
দাগি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশারসহ অনেকে। সিনেমাটির মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প, দেশের দর্শক দেখেনি বলে জানিয়েছেন নির্মাতা।










