এসময়ের অন্যতম মেধাবী, গুণী বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব। এবারের ‘কান চলচ্চিত্র উৎসব’-এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে তার পরিচালিত সিনেমা ‘আলী’। সিনেমাটির দৈর্ঘ্য ১৫ মিনিট। গত ২৫ এপ্রিল বিকালে অফিশিয়াল ওয়েবসাইটে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের তালিকা ঘোষণা করে কান উৎসব কর্তৃপক্ষ। এবারই প্রথম কান উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো সিনেমা জায়গা করে নিয়েছে। কান চলচ্চিত্র উৎসব পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ আসর। ১৩-২৪ মে টানা ১২ দিন ৭৮তম উৎসবটি অনুষ্ঠিত হবে ফ্রান্সের কানে। জানা যায়, সাড়ে চার হাজার চলচ্চিত্র থেকে আদনান আল রাজীবের ‘আলী’ নির্বাচিত হয়েছে এ উৎসবের জন্য। মিডিয়ায় আদনান আল রাজীবের যাত্রা শুরু নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে। তার সঙ্গে সাত বছর কাজ করার পর ‘ভূত বলে কিছু নেই’ নামের একটি নাটক নির্মাণ করেন। তবে নাটকটি প্রচারে আসেনি। রাজীব প্রথম বিজ্ঞাপন নির্মাণ করেন ওয়েস্টার্ন মানি এক্সচেঞ্জের বিজ্ঞাপন। প্রথম বিজ্ঞাপন নির্মাণ করেই নির্মাতা হিসেবে বেশ প্রশংসা কুড়ান তিনি। এদিকে আজ তার জন্মদিন। তবে জন্মদিন নিয়ে বেশি উচ্ছ্বাস নেই আদনান আল রাজীবের। কারণ গতকাল ও আজ তিনি একটি নতুন বিজ্ঞাপনের কাজ নিয়েই ব্যস্ত। আগামীকাল কান উৎসবে যোগ দেয়ার লক্ষ্যে রওয়ানা হবেন।
রাজীব তার কাজ নিয়ে বলেন, ‘সত্যি বলতে কি, আমি আমার কাজে ভীষণ সৎ। প্রতিটা কাজই আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। একটি কাজ শেষে পরবর্তী কাজটা আরো কত ভালো করা যায়, সে ভাবনাই থাকে আমার মধ্যে। পরিবারও আমার কাছে গুরুত্বপূর্ণ। পরিবার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমি মনে করি, আমি যখন যেখানে যা করব, বিপরীতে তার রিফ্লেকশনই আসবে। জন্মদিনে সবার কাছে দোয়া চাই।’










