ঢাকা ডকইমপ্যাক্ট ল্যাবের (ডকলাব) উদ্যোগে এবং পার্সপেকটিভ ফান্ডের সহায়তায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সফলভাবে সমাপ্ত হয়েছে ঢাকা ডকইমপ্যাক্ট ল্যাব পিচিং ইভেন্ট ।
এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ডকলাবের ট্রাস্টি লুভা নাহিদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফরবস, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফাইন আর্টস বিভাগের পরিচালক মুস্তফা জামান এবং ঢাকা ডকলাবের পরিচালক তারেক আহমেদ ।
অনুষ্ঠানে পাঁচটি প্রকল্পের অংশগ্রহণকারীরা সফলভাবে তাদের গল্পগুলোর সামাজিক ইমপ্যাক্ট উপস্থাপন করেছেন। ঢাকা ডকইমপ্যাক্ট ল্যাব পিচিং ইভেন্টে প্রদর্শিত প্রকল্পগুলো ছিল, শাকাওয়াত হোসেন পরিচালিত আন্ডা স্টোরি; সেন গুপ্ত পরিচালিত এড্রেসিং ফাদারহুড; জাফর মুহাম্মদ পরিচালিত পানকৌরি; আবিদ সরকার সোহাগ পরিচালিত সঙ অব সানফ্লাওয়ার এবং আসমা বীথি পরিচালিত দুপ্রোভিরি ।
পিচিং সেশনের মূল লক্ষ্য ছিল, ডকুমেন্টারি গল্পের মাধ্যমে সামাজিক পরিবর্তনের পথ তৈরি করা। চলচ্চিত্র নির্মাতারা তাদের প্রকল্পগুলোকে উপস্থিত অতিথিদের সামনে উপস্থাপন করেছেন, যেখানে সরকারি ও বেসরকারি সংস্থা, এনজিও এবং চলচ্চিত্র শিল্পের পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল, প্রকল্প সঙ অব সানফ্লাওয়ার এর প্রধান চরিত্র প্রভাত সরকারের গান। তিনি একজন অন্ধ বাউল শিল্পী। তার গান অনুষ্ঠানকে গভীর আবেগপূর্ণ ও সাংস্কৃতিক মোড় দেয়।










