ছোট পর্দার পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ের ক্যারিয়ার বেশ অনেক বছরের। এরই ধারাবাহিকতায় অভিনয়ে নিজেকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন, দর্শকপ্রিয়তাও পেয়েছে তার অসংখ্য নাটক। শুরুটা হয়েছিল নাচ দিয়ে। এরপর মডেলিংয়ের পর আসেন অভিনয়ে। সম্প্রতি মোশাররফ করিমের সঙ্গে একটি নাটকের কাজ শুরু করেছেন। সেখানে এক শীতল চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কাজ, পর্দার চরিত্র, ক্যারিয়ারসহ নানা কিছু নিয়ে কথা বলেন হিমি। নিজের কাজকে খুব বেশি উপভোগ করেন অভিনেত্রী হিমি। জানালেন, ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল অভিনয়ের। কিন্তু এটি যে পেশা হয়ে দাঁড়াবে, ভাবেননি। এখন পেশাদার অভিনয়শিল্পী, কাজ করলেও অনুভূতি একই। শুধু টাকার জন্য নয়, ভালো লাগা থেকে অভিনয় করি।