বাংলাদেশের নন্দিত সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। তারই কণ্ঠে ক’দিন আগেই ‘এক নির্ঝরের গান’-এ প্রকাশ পেল ‘কেন হাতের মুঠোর’ শিরোনামের একটি গান। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর। মিউজিক ডিজাইন করেছেন সৈয়দ কামরুজ্জামান সুজন। গানটি ‘গানশালা ইকেএনসি’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতা-দর্শকের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন বাপ্পা মজুমদার।

এদিকে এরই মধ্যে বাপ্পা মজুমদারের সুর সংগীতে রুনা লায়লা ‘অনায়াসে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। অবশ্য এবারই প্রথম বাপ্পা রুনা লায়লার সঙ্গে একটি দ্বৈত গান করারও সুযোগ পেলেন। রুনা লায়লার সঙ্গে গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। গানটি সৈয়দ গালিবের লেখা। এ গান নিয়েও বেশ আশাবাদী বাপ্পা মজুমদার। এদিকে আজ তার জন্মদিন। তার জন্মদিন সাধারণত ঘরোয়াভাবেই উদযাপন হয়ে থাকে। স্ত্রী ও কন্যাকে নিয়েই বাপ্পা মজুমদার যথারীতি এবারের জন্মদিন পালন করবেন।

বাপ্পা ১৯৭২ সালে জন্ম নেন। তার বাবা সংগীতজ্ঞ ওস্তাদ বারীণ মজুমদার এবং মা ইলা মজুমদার। তিনি একটি সংগীত পরিবারের মধ্যে বেড়ে ওঠেন। বাবা-মা দুজনই শাস্ত্রীয় সংগীতের শিল্পী হওয়ায় তাকে বাড়ির বাইরে গান শিখতে যেতে হয়নি। সংগীতের হাতেখড়ি হয় পরিবারেই। পরবর্তীকালে বাবার সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘মণিহার সঙ্গীত একাডেমী’-তে শাস্ত্রীয় সংগীতের ওপর পাঁচ বছর মেয়াদি একটি কোর্স গ্রহণ করেন তিনি। ‘সত্তা’ চলচ্চিত্রের গানে সুর করার জন্য ২০১৯ সালে শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন বাপ্পা মজুমদার।