২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এ উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে নূরুজ্জামান পরিচালিত মস্কোয় প্রশংসিত বাংলাদেশী সিনেমা মাস্তুলকে।
এ উৎসবে বাংলাদেশী তরুণ নির্মাতা সৌমিকের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ ও তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’ নির্বাচিত হওয়ার খবর জানা গেছে আগেই। এবার এল একই উৎসবে মাস্তুল নির্বাচিত হওয়ার খবর।
গত সপ্তাহে নির্মাতা নূরুজ্জামানকে ই-মেইলযোগে ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানান আয়োজকরা। এমন আমন্ত্রণ পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত নির্মাতা।
জানালেন, রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাস্তুল প্রদর্শিত হওয়ার পর বিভিন্ন উৎসব থেকেই সিনেমাটি দেখানোর আমন্ত্রণ পাচ্ছি। গত মাসেই রাশিয়ার চেবকসরি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত ও প্রশংসিত হয় সিনেমাটি। এবার কাজান থেকে এল আমন্ত্রণ, নিঃসন্দেহে এটা পুরো মাস্তুল টিমের জন্যই বিশেষ অনুপ্রেরণার।
তবে কাজানের মূল প্রতিযোগিতা বিভাগে নয়, বিশেষ বিভাগে নির্বাচিত হয়েছে মাস্তুল। কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২১তম উৎসবে ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ বিশেষ প্রোগ্রামে প্রতিযোগিতার বাইরে থেকে ১০টি চলচ্চিত্র নির্বাচন করেছে। যেখানে মানবতাবাদ ও সহমর্মিতাকে প্রাধান্য দেয়া হয়েছে। সহিংসতা ও নিষ্ঠুরতা এড়িয়ে বাছাই করা এ চলচ্চিত্রগুলো এসেছে ওইসব দেশ থেকে, যারা স্ট্র্যাটেজিক ভিশন গ্রুপের অন্তর্ভুক্ত।
বাংলাদেশ ছাড়াও এবারের নির্বাচিত দেশগুলোর মধ্যে আছে রাশিয়া, কাজাখস্তান, ইরান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, সৌদি আরব, কিরগিজস্তান ও উজবেকিস্তান-তুর্কমেনিস্তানের যৌথ প্রযোজনার সিনেমা।










