টিমোথি শ্যালামের নতুন সিনেমা ‘আ কমপ্লিট আননোন’। চলছে এ সিনেমার গ্লোবাল প্রেস ট্যুর। এ ট্যুরের মধ্যে আছে সিনেমার প্রিমিয়ারও। সে সূত্রেই টিমোথি নতুন করে এসেছেন আলোচনায়। লন্ডনে একটি প্রিমিয়ারের আগে টিমোথিকে একটি হালকা সবুজ ইলেকট্রিক বাইক চালাতে দেখা গেছে। সে বাইকের জন্য আবার তাকে জরিমানাও দিতে হয়েছে। কেননা বাইকটি ঠিকমতো পার্ক করেননি এ অভিনেতা।
হঠাৎ ইলেকট্রিক বাইক (বাইসাইকেল) চালালেন কেন, এমন প্রশ্নের উত্তরে শ্যালামে বলেন, ‘এটা পরিবেশবান্ধব।’ এ কারণেই বাইক নিয়ে প্রিমিয়ারে যান তিনি। ওইদিন রাস্তায় যানজট ছিল খুব বেশি। তিনি ট্র্যাফিক জ্যাম এড়াতে বাইক নিয়ে রওনা দেন। নাহলে সময়মতো পৌঁছতে পারতেন না। এরপর তিনি প্রিমিয়ার হলের বাইরে বাইকটি রেখে ভেতরে চলে যান। ঠিকমতো পার্ক না করায় তার জরিমানা হয়।
জরিমানার বিষয়ে টিমোথি জানান, তাকে ৬০ পাউন্ড জরিমানা দিতে হয়েছে। মার্কিন মুদ্রায় এর পরিমাণ ৭৩ দশমিক ৪৫ ডলার।
বব ডিলানের জীবনী থেকে নির্মিত হয়েছে ‘আ কমপ্লিট আননোন’। সিনেমাটি নিয়ে হলিউড ও বিশ্বের দর্শকের বেশ প্রশংসা দেখা যাচ্ছে। এরই মধ্যে ডিলানের চরিত্রে টিমোথির লুক ও সিনেমার নির্মাণ প্রশংসা পেয়েছে। সিনেমাটি বক্স অফিসে খুব বেশি আয় করছে না। ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এ সিনেমা আয় করেছে ৫ কোটি ডলারের কিছু বেশি। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৭ কোটি ডলার। তবে এ ধারার সিনেমা মূলত খুব বেশি আয় করে না। বায়োপিকের দিক থেকে এ কমপ্লিট আননোন আয়ের হিসাবে ১১তম স্থানে থাকবে বলে ধারণা করা যাচ্ছে।
সূত্র: হলিউড লাইফ










