বাফটার (ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস) আসরে শ্বেতাঙ্গ ও পুরুষদের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ নিয়ে সমালোচনার এক সপ্তাহ এখনো পার হয়নি। এর মধ্যেই একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস মনোনয়নপ্রাপ্ত ছবির সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় একটা বড় ধরনের বৈচিত্র্য লক্ষ করা গেছে, যেটা অনেকের কাছে বেশ আর্কষণীয়। এক নজরে সেই বৈচিত্র্যময় কিছু ছবি সম্পর্কে জেনে নেয়া যাক—

৯২তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকার প্রথম দিকেই রয়েছে টড ফিলিপসের জোকার। আলোচিত ও বিতর্কিত জোকার রীতিমতো সাড়া ফেলেছে। অনেকের ধারণা, ছবিটি এবার একাধিক পুরস্কার নিজের ঝুলিতে তুলে নেবে। সিনেমাটোগ্রাফি, সেরা পরিচালকসহ ১১টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে জোকার। সেরা অভিনেতা বিভাগে মনোনয়নের কৃতিত্বটা কিন্তু জোকিন ফিনিক্সের। তার দুর্দান্ত অভিনয়ের জন্যই ছবিটি এ বিভাগে স্থান করে নিয়েছে।

পরের স্থানে রয়েছে মার্টিন স্করসেসের অপরাধমূলক চলচ্চিত্র দি আইরিশম্যান, প্রথম বিশ্বযুদ্ধের কাহিনী নিয়ে স্যাম মেন্ডেজ নির্মিত ১৯১৭, কোয়ান্টিন টারান্টিনোর হাস্যরসাত্মক নাট্যধর্মী ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড-এর মতো ছবিগুলো। তিনটি ছবিই ১০টি বিভাগে মনোনয়ন পেয়ে পাল্লা দিচ্ছে জোকার-এর সঙ্গে।


দি আইরিশম্যান ছবিতে অভিনয় করেন রবার্ট ডি নিরো, আল পাচিনো ও জো পেসি। রবার্ট ডি নিরোর দুর্দান্ত অভিনয়ের পরও তিনি সেরা অভিনেতার তালিকায় স্থান করে নিতে পারেননি। ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড থেকে সেরা অভিনেতার তালিকায় জায়গা পেয়েছেন ব্র্যাড পিট।

পিছিয়ে নেই লিটল উইমেন ও প্যারাসাইট ছবি দুটি। দুটি ছবিই ছয়টি বিভাগে মনোনীত হয়েছে। গ্রেটা গারউইগ পরিচালিত লিটল উইমেন অস্কারের সংক্ষিপ্ত তালিকায় সেরা ছবি ও সেরা অ্যাডাপ্টেড স্ক্রিন প্লেসহ ছয়টি বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে। এবারের অস্কারের চূড়ান্ত তালিকায় সেরা বিদেশী ভাষার ক্যাটাগরিতে স্থান করে নিয়েছে প্যারাসাইট। দারিদ্র্যের দুষ্টচক্রে নিষ্পেষিত একটি পরিবারের কাহিনীনির্ভর ছবিটি সেরা ছবি, পরিচালক, মৌলিক চিত্রনাট্য, সম্পাদনা,  প্রডাকশনসহ ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে।

এদিকে শ্বেতাঙ্গ অভিনেত্রীদের বাইরে গিয়ে সেরা অভিনেত্রী বিভাগে চূড়ান্ত মনোনয়ন লাভ করেছেন সিনথিয়া এরিভো। হ্যারিয়েট-এ হ্যারিয়েট তুবম্যানের চরিত্রে অভিনয় করে তিনি এ বিভাগে মনোনীত হয়েছেন।

 

সূত্র: দ্য গার্ডিয়ান