চমক দেয়ার রীতিতে পূর্বসূরিদেরই যেন অনুসরণ করছেন অভিনেত্রী তাপসী পান্নু। প্রতিনিয়ত দারুণসব গল্পে একের পর এক কাজ দিয়ে নিজেকে আরো বেশি দক্ষ করে তুলছেন তিনি। এ পথ ধরে এবার আরো একটি দুর্দান্ত গল্পে নিজেকে হাজির করতে যাচ্ছেন লাস্যময়ী এ অভিনেত্রী। তার নতুন এ ছবির নাম হাসিন দিলরুবা। মার্ডার মিস্ট্রিধর্মী ছবিটিতে তাপসী পান্নুর সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করবেন বিক্রান্ত মেসি। এর আগে বিক্রান্ত ছপাক ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধেন।

ছবিটি নির্মাণ করবেন হাসি তোহ ফাঁসিখ্যাত নির্মাতা ভিনিল ম্যাথিউ। আগামী বছরের সেপ্টেম্বরে হাসিন দিলরুবা মুক্তি দেয়া হবে। ছবিটির চিত্রনাট্য লিখছেন মনমর্জিয়া ও জাজমেন্টাল হ্যায় কেয়ার রচয়িতা কনিকা ধিলন। তবে এখনো নতুন এ ছবির গল্প সম্পর্কে কিছুই জানানো হয়নি।

হাসিন দিলরুবায় অভিনয় নিয়ে তাপসী পান্নু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতি ব্যক্ত করেছেন। একই সঙ্গে একটি ফার্স্টলুক পোস্টারও জুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি খারাপ হতে পারি, কিন্তু হাসিন দিলরুবায় পা রেখে নিঁখুতভাবে দক্ষ হয়ে উঠছি। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে তার সঙ্গে দেখা করার তর সইছে না আমার।’

হাসিন দিলরুবা যৌথভাবে প্রযোজনা করছেন চলচ্চিত্র নির্মাতা আনন্দ এল রাই এবং ইরোস ইন্টারন্যাশনাল ও হিমাংশু শর্মা। এক বিবৃতিতে আনন্দ এল রাই বলেন, ‘সুন্দর মিষ্টি প্রেমের গল্পের সঙ্গে হাসিনা দিলরুবা একটি মার্ডার মিস্ট্রিধর্মী চলচ্চিত্র। এ রকম বিষয়কে এর আগে আমরা কোথাও দেখাইনি। সত্যিই এক ধারালো চিত্রনাট্য নিয়ে অডিয়েন্সকে আকৃষ্ট করতে যাচ্ছি আমরা।’

ইরোস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক সুনীল লুল্লা বলেছেন, ‘অন্য থ্রিলার ঘরানার মতোর হাসিন দিলরুবা শুধু ধারালোই নয়। বিনোদনের জন্য এটি অন্য রকম কিছু এবং ব্যাপক সংখ্যক দর্শককে আনন্দিত করতে সক্ষম। এ ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’

এদিকে এ বছর দারুণ কিছু কাজ দিয়ে চমক দেখানোর জন্য মনস্থির করেছেন তাপসী পান্নু। সামনে তাকে দেখা যাবে অনুভব সিনহার থাপ্পড় চলচ্চিত্রে। আগামী ফেব্রুয়ারিতে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। এছাড়া সম্প্রতি ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় মিতালি রাজের বায়োপিক সাবাশ মিঠুতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

 

সূত্র: ইন্ডিয়া টুডে