আসছে একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসর। সম্ভাব্য অস্কারজয়ী সিনেমা, অভিনেতা-অভিনেত্রী নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। সে আলোচনার পালে হাওয়া লাগল আরো। ঘোষিত হয়েছে অস্কারের সংক্ষিপ্ত তালিকা। ১২টি বিভাগে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হয়েছে। তবে এগুলো প্রধান বিভাগ নয়। সংক্ষিপ্ত তালিকা ঘোষিত হয়েছে কাস্টিং, সিনেমাটোগ্রাফি, ডকুমেন্টারি ফিচার, ডকুমেন্টারি শর্টফিল্ম, ইন্টারন্যাশনাল ফিচার, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, মৌলিক স্কোর, মৌলিক গান, অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ অ্যাকশন শর্ট, সাউন্ড ও ভিজুয়াল ইফেক্ট বিভাগের। এর মধ্যে ইন্টারন্যাশনাল ফিচার বিভাগে সংক্ষিপ্ত তালিকায় আছে নীরাজ ঘেওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’।
এর মাধ্যমে ইন্টারন্যাশনাল ফিচার বিভাগে পঞ্চম ভারতীয় সিনেমা হিসেবে জায়গা করে নিল হোমবাউন্ড। এর আগে বিভিন্ন সময় চারটি সিনেমা সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিল। গত সেপ্টেম্বরে ভারতের অফিশিয়াল অস্কার এন্ট্রি হিসেবে নির্বাচিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৮৬টি ছবির সঙ্গে প্রতিযোগিতা করে মঙ্গলবার ঘোষিত শীর্ষ ১৫ ছবির তালিকায় নিজের স্থান নিশ্চিত করেছে এটি।
প্রতিযোগিতাও অত্যন্ত বড় ও বৈচিত্র্যময়। কারণ এখানে প্রতিটি দেশের অফিশিয়াল এন্ট্রির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। সেই কঠিন লড়াইয়েও হোমবাউন্ড জায়গা করে নিয়েছে জাফর পানাহির ‘ইট ওয়াজ অ্যান অ্যাকসিডেন্ট’ ও পার্ক চ্যান-উকের ‘নো আদার চয়েজ’-এর পাশে।
ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, হোমবাউন্ডের আগে মাত্র চারটি ভারতীয় সিনেমা অস্কারের শর্টলিস্টে পৌঁছেছিল। এর মধ্যে তিনটি শেষ পর্যন্ত বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার (তখন যার নাম ছিল বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম) বিভাগে মনোনয়ন পেলেও অস্কার জিততে পারেনি। এর মধ্যে রয়েছে মেহবুব খানের ‘মাদার ইন্ডিয়া’ (১৯৫৭)। সিনেমাটি ছিল ৩০তম একাডেমি অ্যাওয়ার্ডসে ভারতের প্রথম অফিশিয়াল এন্ট্রি।
দ্বিতীয়বার এ কৃতিত্ব আসে ৩০ বছর পর, মীরা নায়ারের ‘সালাম বম্বে’ (১৯৮৮) সিনেমা দিয়ে। ৬০তম একাডেমি অ্যাওয়ার্ডসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিল এটি। এর ১৪ বছর পর আশুতোষ গোয়ারিকরের ২০০১ সালের পিরিয়ড স্পোর্টস ড্রামা ‘লগান’ ফাইনাল ক্যাটাগরিতে পৌঁছায়। এখন পর্যন্ত একমাত্র ভারতীয় অফিশিয়াল এন্ট্রি হলো পান নালিনের ২০২১ সালের গুজরাটি সিনেমা ‘দ্য লাস্ট ফিল্ম শো’। তবে শর্টলিস্টে উঠেও চূড়ান্ত মনোনয়নে যেতে পারেনি এটি।
বাশারত পীরের বই অবলম্বনে নির্মিত সিনেমাটির প্রযোজক করণ জোহর-আদর পুনাওয়ালার ধর্মা প্রডাকশনস। এর সঙ্গে যুক্ত আছেন মার্টিন স্করসেসিও। সিনেমাটি সংক্ষিপ্ত তালিকায় আসার পর করণ তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘হোমবাউন্ডের যাত্রা নিয়ে আমি ঠিক কতটা গর্বিত, আনন্দিত ও উচ্ছ্বসিত, তা ভাষায় প্রকাশ করা কঠিন। এ গুরুত্বপূর্ণ ও গর্বের সিনেমাটিকে আমাদের ফিল্মোগ্রাফিতে রাখতে পেরে ধর্মা প্রডাকশনস সম্মানিত।’
তিনি আরো যোগ করেন, ‘কান থেকে অস্কারের শর্টলিস্ট, এ যাত্রা সত্যিই ভীষণ আবেগপ্রবণ!’
নীরাজ ঘেওয়ান তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘বিশ্বজুড়ে যে অসাধারণ ভালোবাসা ও সমর্থন আমরা পেয়েছি, তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










