সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি জটিলতার কারণে সময়টা ভালো কাটেনি জনি ডেপের। খুব একটা দেখা যায়নি পর্দায়। ফ্যান্টাস্টিক বিস্টস ফ্র্যাঞ্চাইজি থেকে তাকে বাদ দেয়া হয়েছিল। হারিয়েছিলেন বেশকিছু কাজ। তবে সে অচলায়তন পার করে ক্যারিয়ারে আলো দেখছেন হলিউডের এ অভিনেতা। সম্প্রতি গুঞ্জন উঠেছে, ডিজনি চায় ডেপকে আইকনিক চরিত্র জ্যাক স্প্যারো হিসেবে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমায় ফিরিয়ে আনতে। তবে সেটা কেবলই গুঞ্জন এখন পর্যন্ত, তার জন্য সময় লাগবে।

জনি ডেপ এর মধ্যে বেশকিছু বড় কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। অন্তত দুটি নতুন সিনেমার প্রধান চরিত্রে তাকে দেখা যাবে। সিনেমা দুটিই প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে, যদিও এখনো মুক্তির তারিখ জানানো হয়নি। সিনেমা দুটির প্রথমটি ‘কার্নিভাল অ্যাট দ্য এন্ড অব ডেজ’ এবং দ্বিতীয়টি ‘ডে ড্রিংকার’।

২০২৩ সালে পরিচালক টেরি গিলিয়াম ভ্যারাইটিতে তার নতুন সিনেমা কার্নিভাল অ্যাট দ্য এন্ড অব ডেজে জনি ডেপকে শয়তান চরিত্রে নেয়ার কথা বলেছিলেন। সিনেমার চিত্রনাট্য তিনি নিজেই লিখছেন ক্রিস্টোফার ব্রেট বেইলির সঙ্গে।

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, মুক্তি পেতে যাওয়া জনি ডেপের দ্বিতীয় সিনেমা ডে ড্রিংকার। অভিনেত্রী পেনিলোপ ক্রুজের সঙ্গে জুটি গড়তে যাচ্ছেন থ্রিলারধর্মী সিনেমাটিতে। এটি তাদের চতুর্থ সিনেমা হতে যাচ্ছে। এ সিনেমা মূলত ক্রুজ শিপের একজন মদ পরিবেশকের গল্প, যে একজন রহস্যময় মদ্যপ ব্যক্তির সঙ্গে পরিচিত হয়। ক্রমে তারা দুজনই এক অপরাধী দুনিয়ায় ডুবে যায়। সিনেমাটি পরিচালনা করবেন মার্ক ওয়েব। এর আগে তিনি ‘অ্যামেজিং স্পাইডারম্যান’ সিনেমার জন্য প্রশংসা কুড়িয়েছেন। প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট মোশন পিকচার গ্রুপের চেয়ার অ্যাডাম ফোগেলসনের দাবি, ডে ড্রিংকার একটি বাণিজ্যিক ধাঁচের সিনেমা।

সূত্র ও ছবি: দ্য ডিরেক্ট