এবারের ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহগুলোয় চলছে তার অভিনীত নতুন সিনেমা ‘রকস্টার’। এ সিনেমায় দ্বিতীয়বারের মতো ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিপরীতে জুটি বেঁধেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো।
টানা তিন ঈদে নিজের অভিনীত সিনেমা মুক্তি পাওয়া নিয়ে উচ্ছ্বসিত সাবিলা নূর বলেন, ‘বিষয়টি অবশ্যই আমার জন্য অত্যন্ত আনন্দের। ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আমার অভিষেক হয়েছিল। এর পরের দুই ঈদেই সিনেমায় অভিনয় করার সৌভাগ্য হলো, যা নিঃসন্দেহে অনেক ভালো লাগার। এর মধ্যে দুই ঈদে মেগাস্টার শাকিব খানের বিপরীতে এবং এক ঈদে শরিফুল রাজের সঙ্গে কাজ করেছি। দর্শক সিনেমাগুলো দারুণভাবে গ্রহণ করেছেন এবং আমার চরিত্রগুলোও প্রশংসিত হয়েছে, যা আমার ক্যারিয়ারের জন্য একটি বড় প্রাপ্তি।’
রকস্টার মুক্তির পর থেকেই সিনেমাটির খোঁজখবর নিতে প্রেক্ষাগৃহে ছুটছেন সাবিলা। দর্শকের সরাসরি প্রতিক্রিয়া দেখতে ভালোবাসেন জানিয়ে তিনি বলেন, ‘ঈদের দিনটা পরিবারকে সময় দিয়েছি। এখন সময় দিচ্ছি আমার দ্বিতীয় পরিবার অর্থাৎ দর্শককে। হলের ভেতরে দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখতে আমি ভীষণ পছন্দ করি এবং এ দারুণ অভিজ্ঞতা আমি কখনই মিস করতে চাই না।’
প্রেক্ষাগৃহে দর্শকের উচ্ছ্বাস নিজ চোখে দেখে মুগ্ধ হয়েছেন এ অভিনেত্রী। দর্শকের প্রতিক্রিয়া জানিয়ে সাবিলা নূর বলেন, ‘হলে গিয়ে দর্শকের উন্মাদনা দেখে আমি সত্যিই মুগ্ধ। বিশেষ করে পর্দায় শাকিব ভাইয়ের পাশাপাশি তারা আমার চরিত্রটাও ভীষণ পছন্দ করছেন। সিনেমা শেষে দর্শক আমাকে সরাসরি পেয়ে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। আমিও তাদের সে উচ্ছ্বাস খুব কাছ থেকে উপভোগ করেছি। একজন অভিনয়শিল্পীর জন্য এমন দৃশ্য দেখার সুযোগ হওয়া অন্যতম বড় একটি প্রাপ্তি।’
ভবিষ্যতের পরিকল্পনা এবং কেমন গল্প বা চরিত্রে কাজ করতে চান—এ বিষয়ে সাবিলা বলেন, ‘আসলে নির্দিষ্ট করে কোনো চরিত্রের কথা বলা কঠিন। কারণ আমি সবসময় চেয়েছি পর্দায় ভিন্ন ভিন্ন লুকে ও ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হতে। আমার কাছে সিনেমার গল্পটাই মূল বিষয়। আমি ভালো গল্প নিয়ে দর্শকের সামনে আসতে চাই, যা আগে কখনো করা হয়নি। যেহেতু আমি অভিনয়ের মানুষ, তাই ভালো গল্প আর শক্তিশালী চরিত্র পেলে যেকোনো চ্যালেঞ্জিং কাজ করতেই আমি প্রস্তুত।’









