টিভি পর্দার প্রিয়মুখ এফএস নাঈম ও নাদিয়া দম্পতি। তারা ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি করেছেন একটি বিশেষ রান্নাঘর, যার নাম ‘ভালোবাসার কিচেন’। এ রান্নাঘরে রান্না হবে মজার মজার রেসিপি, হবে খাওয়া-দাওয়া ও জম্পেশ আড্ডা। যেখানে অংশগ্রহণ করবেন জনপ্রিয় তারকা দম্পতিরা। রান্না করবেন তারা নিজেরাই। আয়োজনটি করেছে মাছরাঙা টেলিভিশন।
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মাছরাঙার আয়োজনটিই ভালোবাসার কিচেন। নাঈম-নাদিয়া দম্পতি এটি উপস্থাপন করবেন দর্শকের সামনে। সাত পর্বের এ অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের তারকা দম্পতিরা এ অনুষ্ঠানে তাদের পছন্দের রেসিপি রান্না করে দেখাবেন। ১৪ ফেব্রুয়ারি থেকে সাতদিন অনুষ্ঠানটি প্রচার হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। প্রথম পর্বে থাকবেন অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা ও তার স্বামী জোবায়দুল হক রিম। পরবর্তী পর্বগুলোয় থাকবেন অভিনেত্রী শারমীন জোহা শশী ও তার স্বামী খালিদ হোসেন অভি, ফাতেমা তুজ জোহরা ও তার স্বামী সৌমিক আহমেদ, নাজিয়া হক অর্ষা ও তার স্বামী মোস্তাফিজুর নুর ইমরান, শিয়ানা শাহবা ও তার স্বামী সৌভিক আহমেদ, কায়নাত আহমেদ ও তার স্বামী অনম বিশ্বাস, অভিনেত্রী সালহা খানম নাদিয়া ও তার স্বামী সালমান আরাফাত। অনুষ্ঠানটি সম্পর্কে নাদিয়া বলেন, ‘এটি শুধু রান্নার অনুষ্ঠান নয়। এখানে দুজনের গল্প, খুনসুটি, শেয়ারিং, কেয়ারিংসহ সংসার জীবনের নানা বিষয় উঠে আসবে। গত বছরও একই চ্যানেলে অনুষ্ঠানটি করেছি। বেশ সাড়া পেয়েছিলাম। আশা করি, এবারো দর্শক উপভোগ করবেন।’










