টিভি নাটকে সিনিয়র শিল্পীদের উপস্থিতি কমছে। কিন্তু তারা বহুদিন ধরে নাটক ও দর্শককে অনেক দিয়েছেন। এখন হাস্যরস ও রোমান্টিক ধারার বাজার ভালো বলে জ্যেষ্ঠ শিল্পীরা অনেক সময় অবহেলিত হন। তবে কোনো কোনো নির্মাতা এখনো সিনিয়র শিল্পীদের নিয়ে নাটক নির্মাণের প্রবল চেষ্টা করেন। এমনই একজন পরিচালক মহিন খান। নিজেই রচনা করেছেন পারিবারিক কলহের গল্প নিয়ে বিশেষ নাটক ‘জুলুম’। তার রচিত এ গল্পে সিনিয়র শিল্পীদের উপস্থিতি রেখেছেন।
জুলুম নাটকে অভিনয় করতে দেখা যাবে মাসুম বাশার, সাবেরী আলম, হায়দার আলী, রেশমী আহমেদ ও হারুন রশীদ বান্টিকে। তাদের সঙ্গে গল্পের প্রয়োজনে দেখা যাবে নবাগত দুই অভিনয়শিল্পী সাগর আহমেদ ও রাবিনা রাফিনকে। মহিন খান জানান, এরই মধ্যে রাজধানীর অদূরে পুবাইলের একটি শুটিং বাড়ি ও তার আশপাশের এলাকায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মাসুম বাশার বলেন, ‘একটি ভালো গল্পের শিক্ষণীয় নাটক সমাজ ও সমাজের মানুষের ওপর প্রভাব পড়ে। মহিন খান তেমনই একজন নির্মাতা, যার নাটকে সমাজের জন্য শিক্ষণীয় কোনো না কোনো বার্তা থাকে। যে কারণে তার নাটকে কাজ করতে ভীষণ ভালো লাগে আমার।’
সাবেরী আলম বলেন, ‘শেকড়ের গল্প নিয়ে কাজ করে মাহিন। জুলুম ঠিক তেমনই একটি কাজ। তার নাটকে সবসময়ই একটা বার্তা থাকে।’
নির্মাতা মহিন খান বলেন, ‘সিনিয়র শিল্পীদের নিয়ে আগে কাজ করতে গেলে অনেক চ্যালেঞ্জিং মনে হতো। কিন্তু এখন সবাই আমাকে শতভাগ সহযোগিতা করেন।’










