ফরেস্ট গাম্পখ্যাত অভিনেতা টম হ্যাংকস ও তার স্ত্রী-সন্তানদের গ্রিক নাগরিকত্ব দিয়েছে দেশটি। সম্প্রতি গ্রিসের প্রেসিডেন্ট প্রোকোপিস পাভলোপেলেস টম ও তার পরিবারের জন্য সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের দলিলে স্বাক্ষর করেছেন।

টম হ্যাংকসের স্ত্রী আমেরিকান অভিনেতা ও প্রযোজক রিটা উইলসন গ্রিক-বুলগেরীয় বংশোদ্ভূত। তিনি মায়ের দিক থেকে গ্রিক রক্ত শরীরে বহন করছেন। টম ও রিটা মাঝে মধ্যেই ছুটি কাটাতে গ্রিসে যান। সেখানে অ্যান্টিপারোসে এ দম্পতির সম্পত্তি রয়েছে। রিটা উইলসন গ্রিস ও গ্রিসের মানুষকে ভিত্তি করে নির্মিত কয়েকটি ছবি প্রযোজনা করেছেন, যার মধ্যে আছে মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং ও মামা মিয়া!

গ্রিসের আইন অনুসারে, ভিনদেশী কাউকে তখনই নাগরিকত্ব দেয়া যেতে পারে, যদি তিনি বা তারা ‘দেশটির জন্য বিশেষ কোনো ভূমিকা রাখেন অথবা তাদের নাগরিকত্ব দিলে তা গ্রিসের গণস্বার্থের জন্য ইতিবাচক হবে।’ টম হ্যাংকস বিভিন্ন সময় তার কাজে গ্রিসকে তুলে ধরেছেন। গ্রিসের স্বরাষ্ট্রমন্ত্রী তাকিস থিওডোরিকাকোস সিএনএনকে বলেছেন, দ্য ভিঞ্চি কোড তারকা টম হ্যাংকস গ্রিসে গত এক-দেড় বছরে দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের ব্যাপারে সত্যিকার সহানুভূতি ও আগ্রহ দেখিয়েছেন। টম হ্যাংকস দাবানল নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন, যা বৈশ্বিক গণমাধ্যমে জায়গা করে নিয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের সূত্রমতে, এখনই টম হ্যাংকস ও তার পরিবারের সদস্যরা গ্রিক নাগরিক হয়ে যাননি। এজন্য একটি আনুষ্ঠানিকতা বাকি আছে। এক বছরের মধ্যে টম ও তার পরিবারের সদস্যদের গ্রিক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নাগরিক হওয়ার শপথ পাঠ করতে হবে।

দুবার অস্কারজয়ী টম হ্যাংকসকে তার ভক্তরা সম্মানসূচক গ্রিক নাগরিকত্ব পাওয়ায় অভিনন্দন জানাচ্ছেন। গ্রিক-আমেরিকান প্রকাশক ও লেখক আরিয়ানা হাফিংটন টুইট করেছেন, ‘অভিনন্দন টম হ্যাংকস! তুমি এখন গ্রিক নাগরিক—এটা শুনে দারুণ রোমাঞ্চিত হচ্ছি!’

সূত্র: সিএনএন, পিংকভিলা