২০১৮ সালে মুক্তি পাওয়া শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী’ সিনেমাটি আকাশচুম্বী সাফল্য এনে দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মসকে। এর মধ্য দিয়েই বলিউডে হরর-কমেডি ঘরানার ‘সিনেমাটিক ইউনিভার্স’-এর ভিত্তি স্থাপন করে প্রতিষ্ঠানটি। এরপর একে একে তাদের সিনেমার জগতে নাম লেখান অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানা, পঙ্কজ ত্রিপাঠির মতো নামকরা অভিনেতারা। সূত্র বলছে, এ তারকাদের সঙ্গে ম্যাডকের সিনেমার জগতে নাম লেখাতে পারেন রণবীর সিংও।
ম্যাডকের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই ম্যাডক ফিল্মসের প্রতিষ্ঠাতা এবং পরিচালক ও প্রযোজক দিনেশ ভাইজানের সঙ্গে কথা হচ্ছে রণবীরের। গত সপ্তাহে ম্যাডকের অফিসেও গিয়েছিলেন। নির্মাতারা তাদের সিনেমার এ জগতে নতুন অধ্যায়ের জন্য নতুন কাউকে চান। রণবীরও চান এমন, এ ঘরানার সিনেমায় নিজেকে যুক্ত করতে। সব ঠিক থাকলে শিগগিরই কাগজে কলমে প্রাথমিক চুক্তি সম্পন্ন হবে।
ওই সূত্র আরো জানায়, নির্মাতাদের পরিকল্পনা, ভবিষ্যতে অ্যাভেঞ্জার্স ধাঁচের একটি চূড়ান্ত মিলন তৈরি করা। তারা এখন তারিখ নিয়ে আলোচনা করছে। কারণ রণবীর শিগগিরই আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবির শুটিং শেষ করবেন। পাশাপাশি ‘ডন-থ্রি’র জন্যও সময় রেখেছেন। তাই তাকে নিয়ে ম্যাডকের নতুন প্রজেক্টটি ২০২৬ সালের শুরুর দিকে ফ্লোরে যাওয়ার কথা।
এখনো পর্যন্ত রণবীর সিং কিংবা ম্যাডক ফিল্মস—কেউই এ তথ্যের সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করেননি। তবে রণবীরকে হরর-কমেডি ঘরানায় দেখতে পাওয়ার সম্ভাবনাই ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। এটি হতে যাচ্ছে তার প্রথম হরর-কমেডি প্রজেক্ট। অন্যদিকে রণবীরকে অনেক দিন ধরেই পূর্ণদৈর্ঘ্য কোনো চরিত্রে দেখা যায়নি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (২০২৩)।
সূত্র: বলিউড হাঙ্গামা










