অ্যাভাটারের সিকুয়াল নিয়ে কাজ করছেন জেমস ক্যামেরন। অ্যাভাটার সিরিজের নতুন সিনেমার নাম ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। ২০২২ সালে মুক্তি পায় অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার। সিনেমাটির দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ১২ মিনিট। এবার ক্যামেরন জানালেন, নতুন সিনেমাটি দৈর্ঘ্যে এর চেয়েও বড় হবে। কেননা এবারের সিনেমায় তিনি আরো বেশি কিছু যুক্ত করছেন। নতুন অনেক আইডিয়া এ সিনেমায় আনছেন বলেই এর দৈর্ঘ্য বাড়বে।

সম্প্রতি এম্পায়ারের সঙ্গে আলাপে বসেছিলেন ক্যামেরন। সেখানে তিনি বলেন, ‘সংক্ষেপে বলতে গেলে, সিনেমাটি নিয়ে অনেক ধরনের আইডিয়া আছে আমাদের মাথায়। আগের সিনেমাটিতেও তা ছিল, কিন্তু সেটি অনেক দ্রুত গল্প বলেছে। এবার তা হবে না। আগের বারই কিছু জিনিস তুলে রেখেছিলাম। এবার তা যুক্ত করা হবে। সে কারণেই অ্যাভাটারের তৃতীয় সিনেমাটি দ্বিতীয় সিনেমার চেয়ে দীর্ঘ হবে।’

অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার মুক্তির পর দারুণ সাফল্য পায়। সেখান থেকেই ক্যামেরন স্থির করেন এর সিকুয়াল বানাবেন। ২০২৪ সালে তিনি সিনেমাটির নাম ঘোষণা করেন। সে সময় এর কোনো ফুটেজ প্রকাশ করেননি। তবে জানিয়েছেন, নেয়ত্রিকে নিয়ে সিনেমার গল্প এগোবে। এ চরিত্রে অভিনয় করেছেন জোয়ি সালদানা। সম্প্রতি তিনি ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন।

ফায়ার অ্যান্ড অ্যাশকে প্যান্ডোরার বাকশো বলছেন ক্যামেরন। তিনি বলেন, ‘আপনারা প্যান্ডোরার অনেক কিছু দেখবেন এখানে। এটা একটা অ্যাডভেঞ্চারের মতো। আপনার চোখ ছানাবড়া হবে। কিন্তু সেই সঙ্গে একটা সম্পর্ক ও ইমোশনের যাত্রাও থাকবে।’

সিনেমাটি নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন ক্যামেরন। তিনি বলেন, ‘কাজটা আসলে খুবই চ্যালেঞ্জিং। আগের অভিজ্ঞতা মাথায় রেখে নতুন সিনেমাটা সাজাতে হচ্ছে। চরিত্রের গভীরতা, তাকে দর্শক যেভাবে চেনেন, সব মিলিয়ে চরিত্রগুলোর প্রতি দর্শকের ভালোবাসা ধরে রাখার চেষ্টাও থাকছে।’

নতুন সিনেমাটিতে আগেরবারের মতো এবারো অভিনয় করছেন স্যাম ওর্থিংটন ও জোয়ি সালদানা। আরো থাকছেন স্টিফেন ল্যাং, কেট উইন্সলেট, বেইলি ব্যাস প্রমুখ। এছাড়া এবারের সিনেমায় যুক্ত হচ্ছেন উনা চ্যাপলিনও। তিনি অ্যাশ পিপলের নেত্রী হিসেবে অভিনয় করবেন।

সূত্র: ভ্যারাইটি