বিজয় দিবসকে কেন্দ্র করে সারা দেশব্যাপী নানা আয়োজন থাকে প্রতি বছর। এরই অংশ হিসেবে রাজধানীতে হতে যাচ্ছে বিজয় কনসার্ট। সেখানে গাইবেন জেমসসহ দেশের একঝাঁক জনপ্রিয় শিল্পী।
১০ ডিসেম্বর রাজধানীর গুলশানের উদয় টাওয়ারে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কনসার্টের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী। কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে বলে জানান তারা।
এ বছর সর্বজনীনভাবে বিজয় দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে বিএনপি। ভিন্নদেশী সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি এবং নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউর এ কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।
জেমসের মঞ্চে ওঠা প্রসঙ্গে তার ম্যানেজার রবিন ঠাকুর গণমাধ্যমকে বলেন, ‘জেমস ভাই অনেক দিন পর দেশের কোনো ওপেন কনসার্টে গাইবেন। এ মাসেই দেশের বেশ কয়েকটি কনসার্টে গাইবেন তিনি। বিজয় দিবসের কনসার্টের শেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি।’










