চিত্রনায়িকা হিসেবেই তার বেশ পরিচিতি দর্শকের কাছে। কিন্তু আপাতত নতুন কোনো সিনেমায় কাজ করছেন না আইরিন। তাই বলে অভিনয় থেকে দূরে থাকবেন, এমনটা নয়। ফরিদুল হাসান পরিচালিত ‘মহল্লা’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, কেন? আইরিন জানান গল্পটা মনের মতো এবং চরিত্রও নিজের সঙ্গে মানানসই বলেই অভিনয় করছেন।

আইরিন বলেন, ‘নাটকটির গল্প একজন নায়িকাকে কেন্দ্র করে, যিনি ঢাকাই সিনেমার একজন প্রতিষ্ঠিত নায়িকা। যে কারণে আমার কাছে মনে হলো এ গল্পে অভিনয় করা যেতে পারে। আমার সঙ্গে গল্প ও চরিত্রটার এক ধরনের যোগসূত্র আছে।’

মহল্লায় কাজ করে দারুণ খুশি আইরিন। তিনি বলেন, ‘কাজ শুরু করতে গিয়ে পুরো ইউনিটের আন্তরিকতা, পরিচালকের নির্দেশনা এবং সর্বোপরি সব সহশিল্পীর সহযোগিতায় আমি ভীষণ মুগ্ধ হয়েছি। এরই মধ্যে কয়েকটি লটে আমি কাজ করেছি। সব মিলিয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এসব কারণেই মহল্লা নাটকে অভিনয় করছি।’

নাটকে অভিনয় করে দারুণ সাড়াও পেয়েছেন আইরিন। তিনি বলেন, ‘‌নাটকটি প্রচারের পর থেকে সত্যিই ভীষণ সাড়া পাচ্ছি। শুধু মহল্লায় আমার অভিনয় দেখে অনেকেই আমাকে একক নাটকে কাজ করার জন্যও ভীষণ আগ্রহ প্রকাশ করছেন। একজন শিল্পী হিসেবে এ বিষয়গুলো আমার জন্য অনেক আবেগের, ভালো লাগার ও সম্মানেরও বটে।’

মহল্লা ধারাবাহিকের রচয়িতা বিদ্যুৎ রায়। আইরিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গন্তব্য’। ২০১৩ সালে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। তার অভিনীত প্রথম নাটক আফসানা মিমির ‘পৌষ ফাগুনের পালা’। এছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘ইউটার্ন’, ‘মায়াবিনী’।