তানিম নূরের পরিচালনায় নির্মিতব্য নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এ সিনেমায় অভিনয়ের জন্য উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে ফিরেছেন আজমেরী হক বাঁধন। সিনেমাটির সুরমা চরিত্রে অভিনয়ের প্রস্তুতির অংশ হিসেবে তিনি প্রায় ১৮ কেজি ওজন কমিয়েছেন।

সিনেমার শুটিং শুরু হওয়ায় সামাজিক মাধ্যমে বাঁধন তার প্রস্তুতির অভিজ্ঞতা শেয়ার করেছেন। চরিত্রের গভীরে ঢুকতে নিজেকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে বরাবরই আন্তরিক তিনি। অভিনয়ের জন্য প্রয়োজন হলে শারীরিক ও মানসিক প্রস্তুতিতে কোনো আপস করেন না। এর আগে বিভিন্ন সিনেমা ও ওয়েব কনটেন্টে চরিত্রের দাবিতে নিজেকে বদলে ক্যামেরার সামনে হাজির হয়েছেন।

বাঁধন জানিয়েছেন, ৭৮ থেকে ৬০ কেজিতে পৌঁছানোর এ যাত্রা মোটেও সহজ ছিল না। মানসিক চাপ, অস্বাস্থ্যকর জীবনধারা ও জেনেটিক কারণে তার ওজন দ্রুত বেড়ে যেত। তবে চিকিৎসকের পরামর্শ, নিয়মিত অনুশীলন ও নিজের প্রতি বিশ্বাস রাখার মাধ্যমে মাত্র ছয় মাসে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন।

তিনি জানান, এ পরিবর্তন শুধু শারীরিক নয়; বরং এটি আত্মবিশ্বাস, শক্তি ও মানসিক সুস্থতার প্রতিফলন। এ দীর্ঘ যাত্রায় সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল তার মেয়ে। মেয়ে তাকে নিয়মিত শরীরচর্চা করতে, জাঙ্ক ফুড এড়িয়ে চলতে ও প্রতিদিন নিজেকে নতুন করে বিশ্বাস করতে উৎসাহ দিয়েছেন।

বনলতা এক্সপ্রেস হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মাণ হচ্ছে। এতে বাঁধনের বিপরীতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এছাড়া রয়েছেন মোশাররফ করিম, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, শরিফুল রাজ, সাবিলা নূর ও শ্যামল মাওলা। সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এদিকে বাঁধনের আরো দুটি সিনেমার কাজও শেষ হয়েছে। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’ ও রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের প্রস্তুতিতে রয়েছে।