বিবেক ওবেরয় মূল ধারার সিনেমায় ছিলেন না অনেকদিন। নানা কারণেই বিরতি নিয়েছিলেন। আবার তাকে নিয়ে তৈরি হয়েছিল কিছু গুঞ্জনও। তবে সেসব পার করে বিবেক আবারো ফিরেছেন সিনেমায়। অভিনয় করেছেন সিরিজেও। এর মধ্যে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ব্যবসায়ী হিসেবেও। দুবাইয়ে তার ব্যবসা আছে। এ নিয়ে তিনি খুশিও। সম্প্রতি বিবেক জানালেন দুবাইয়ে বসবাসই তার ব্যবসার সহায়ক হয়ে উঠেছিল। এছাড়া তিনি স্টার্ট আপের ক্ষেত্রে নতুনদের কিছু পরামর্শও দিয়েছেন।
সম্প্রতি মেনজ এক্সপির সঙ্গে একটি পডকাস্টে অংশ নেন বিবেক। তিনি জানান, কোনো কাজে সফল হতে হলে প্যাশন ও লেগে থাকা জরুরি। বিশেষত এ সময়ে ব্যবসায় সফল হতে বিষয়গুলো গুরুত্বপূর্ণ। বিবেক বলেন, ‘এখন সফল হওয়ার জন্য ব্যক্তিকে প্রথম থেকেই চূড়ান্ত প্যাশনেট হতে হবে। সে প্যাশনকে ঠিকঠাকভাবে বাস্তবে রূপ দিতে হলে লেগে থাকতে হবে। জীবনে অনেক বাধা আসবে। তাতে থেমে যাওয়া চলবে না।’
বিবেক একটা সময় বলিউডে নিজেকে নিয়ে সম্ভাবনা তৈরি করেছিলেন। তারপর নানা কারণে সিনেমা থেকে দূরে সরে যান। তিনি নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সংযুক্ত আরব আমিরাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠা করে তা এগিয়েও নিয়ে গেছেন। দুবাইয়ে ব্যবসা করার প্রসঙ্গে বিবেক বলেন, ‘ওরা ভারতীয়দের ভালোবাসে, সম্মান করে। সেখানে মনে হয় না দেশ থেকে দূরে আছি। আমরা তো মাঝেমধ্যে মজা করে বলি দুবাই আসলে ভারতীদের জন্য সেরা শহর। তারা আমাদের স্বাধীনতা দিবস পালন করে। এছাড়া অন্যান্য উৎসবও পালন করার সুযোগ পাই। কেউ কোনোকিছুতে নাক গলায় না। তাছাড়া দুবাইয়ের রাজকীয় পরিবার, সরকারও ভারতীয়দের প্রতি সদয়। তারা বারবার মনে করিয়ে দেয় আমরা দেশের বাইরে নেই।’
নিজের ব্যবসা সম্পর্কে বলতে গিয়ে বিবেক বলেন, ‘আমার প্রতিষ্ঠানে প্রায় ৪০০ মানুষ কাজ করে। তারা ৮০টি আলাদা জাতীয়তার। এতে আমার কোনো সমস্যা হয় না, বরং ভালোই লাগে। ওরা আমার ও আমার ভাই অঙ্কুরের সঙ্গে আত্মীয়ের মতো মেশে।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










