অভিনেত্রী নয়নতারার ক্যারিয়ারে যুক্ত হচ্ছে আরেকটি বড় সিনেমা। এবার তাকে দেখা যাবে মহেশ নারায়ণের পরবর্তী সিনেমায়। এখনো এর নাম প্রকাশ করেননি পরিচালক। তবে প্রাথমিকভাবে একে বলা হচ্ছে ‘এমএমএমএন’। সিনেমাটির বিশেষত্ব হচ্ছে, এতে অভিনয় করছেন মোহনলাল ও মামুত্তি। মালয়ালম ইন্ডাস্ট্রির এ দুই বিগশট অভিনেতার সঙ্গে এবার যুক্ত হলো নয়নতারার নাম। সিনেমাটি হয়ে উঠছে আরো বিশেষ, কারণ এর মধ্য দিয়ে ১৬ বছর পর স্ক্রিন শেয়ার করছেন মামুত্তি ও মোহনলাল। এর আগে তারা ২০০৮ সালে ‘টুয়েন্টি: ২০’ নামের সিনেমায় অভিনয় করেন।
গত রোববার আন্তো জোসেফ ফিল্ম কোম্পানি একটি ভিডিও প্রকাশ করে। সেখানে নয়নতারাকে সিনেমার সেটে যেতে দেখা যায়। ১ মিনিটের ভিডিও ক্লিপে দেখা যায় নয়নতারাকে মামুত্তি, মহেশ নারায়ণ ও অন্যরা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন।
নয়নতারার জন্য সিনেমাটি গুরুত্বপূর্ণ। দক্ষিণ ভারতে তিনি এখন অন্যতম সেরা অভিনেত্রী। বাণিজ্যিক সিনেমার হিসেবে গ্ল্যামারাস নায়িকাও বটে। তবে সম্প্রতি তার সঙ্গে অভিনেতা-প্রযোজক ধানুশের একটা মতবিরোধ তৈরি হয়েছে। তারা একে অন্যের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় পিছিয়ে আছেন নয়নতারা। এর মধ্যে বড় একটা সিনেমার ঘোষণা তার ক্যারিয়ারের মোড় ফেরানোর জন্য প্রভাবক হিসেবে কাজ করবে।
এ সিনেমায় আরো থাকছেন ফাহাদ ফাসিল ও কুঞ্চাকো বোবান। শ্রীলংকা, লণ্ডন, আবুধাবি, আজারবাইজান, থাইল্যান্ড, বিশাখাপট্টম, হায়দরাবাদ, দিল্লি ও কোচিতে শুটিং হবে সিনেমার। ১৫০ দিন শুটিংয়ের পরিকল্পনা করেছেন পরিচালক। সিনেমা মুক্তির কথা এখনো জানানো হয়নি।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










