এ বছরও ব্যতিক্রম হচ্ছে না। প্রায় প্রতিটি চ্যানেলই সাতদিনের ঈদ আয়োজন পরিকল্পনা করেছে। আর ঈদের দিন প্রতিটি চ্যানেলে থাকছে বর্ণাঢ্য আয়োজন। থাকছে সিনেমা, ধারাবাহিক নাটক, একক নাটক, সংগীতানুষ্ঠানসহ আরো অনেক কিছু।

আরটিভিতে থাকছে দুটি সিনেমা। সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে ‘বসগিরি’ ও বেলা ২টা ১০ মিনিটে প্রচার হবে ‘রোমিও বনাম জুলিয়েট’। এর সঙ্গে থাকছে চারটি একক নাটক—সুন্দরী বধূ, বিদেশী প্রডাক্ট, চেয়ারম্যানের বিয়ে ও লুডু। এর সঙ্গে থাকছে দুটি ধারাবাহিক মুশকিল আসান ও ওগো বিদেশী। থাকছে একটি নৃত্যানুষ্ঠান ও টক শো ঈদ কার্নিভাল।

দীপ্ত টিভিতে সকাল ৯টায় থাকছে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ ও বেলা ১টায় থাকছে রায়হান রাফী পরিচালিত তাণ্ডব। বিকাল ৪টায় থাকছে হলিউড সিনেমা মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং। চলচ্চিত্রের গান নিয়ে ১২টা ১০ মিনিটে থাকছে ‘আমাদের ছবি আমাদের গান’। থাকছে চারটি একক নাটক—অভিমান, সংসার বিষের বাড়ি, অরণি সত্যি এসেছিল ও শেষ ঘুম। আরো থাকছে সাত পর্বের নাটক ভাইজান।

ঈদের দিন রাত সাড়ে ৮টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে ‘মিস একাল মিস্টার সেকাল’। শায়ের খানের রচনায় ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় নির্মিত এ নাটকে আধুনিক প্রজন্মের চিন্তাভাবনা ও এক সেকেলে মানসিকতার জার্মান ভাষা শিক্ষকের আচরণের মধ্যে পার্থক্য তুলে ধরা হয়েছে। এতে সৃষ্টি হয়েছে নানা হাস্যরসাত্মক পরিস্থিতি।

বিচিত্র আয়োজন থাকছে চ্যানেল আইয়ে। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে শাকিব খান অভিনীত ও ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’। বেলা ২টা ৩০ মিনিটে দেখা যাবে রুবেল হাসান পরিচালিত তওসিফ মাহবুব, তটিনী অভিনীত ‘বেশি বলে বুলবুলি-০২’।

বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘ফ্যামিলি ম্যান’। রচনা সিদ্দিক আহমেদ ও পরিচালনায় মোস্তফা কামাল রাজ। প্রতি ঈদেই ছোটকাকু নিয়ে হাজির হয় চ্যানেল আই। ফরিদুর রেজা সাগরের ছোটকাকু অবলম্বনে আফজাল হোসেনের নির্মাণে এবারের ধারাবাহিকটির নাম ‘কঙ্গ থেকে বঙ্গ’। প্রচার হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘সখিনা’। রাবেয়া খাতুনে গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন শ্যামল মাওলা, মৌসুমী মৌ, আবুল হায়াত প্রমুখ।

রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘সরল সত্যবাদী’। আসাদ সরকারের রচনা ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় এতে অভিনয় করেছেন জাকিয়া বারি মম, সাইকা আহমেদ, সালাহউদ্দিন লাভলু, বরুণ সরকার, জুয়েল প্রমুখ।

ছোটদের জন্য চ্যানেল দুরন্ত টিভি। তারাও রাখছে দারুণ সব আয়োজন। সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে রঙের খেলায় সুরের ভেলায়। সকাল ১০টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো দুরন্তপনা, গান গাইবে ব্যান্ড ‘এসেইস’। সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’, বেলা ১টায় ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ৩’ প্রচার হবে। বেলা ৩টা ও রাত ১০টায় প্রচারিত হবে ঈদ স্পেশাল সিনেমা ‘মোবারক’ ও ‘দ্য স্মার্ফস’।