অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত প্রতিদিন প্রতিক্ষণ আলোচনায় থাকতে ভালোবাসেন। এ কথা যেমন সত্য, ঠিক তেমনই সত্য তিনি নতুন নতুন চমক লাগানো ঘোষণা দিতেও পছন্দ করেন। বলিউডের সাহসী এ অভিনেত্রী তার প্রতিশ্রুত ঘোষণা অনুযায়ী কাজ করেন, এ কথাতেও কোনো হেরফের ঘটে না। এবার আরেকটি নতুন চমক দিলেন কঙ্গনা। ঘোষণা দিয়ে জানালেন, বহুল আলোচিত রাম মন্দির নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। এর মধ্যে ছবির নামও ঠিক করেছেন। ছবিটির নাম রাখা হয়েছে অপরাজিত অযোদ্ধা। এ ছবির মাধ্যমেই প্রযোজক হিসেবে প্রথমবারের মতো সিনেমার মাঠে নামতে যাচ্ছেন তিনি। মূলত রাম মন্দির নিয়ে দীর্ঘ সময় ধরে আদালতে চলমান মামলার বিষয়বস্তু ধরে তিনি চলচ্চিত্রটি নির্মাণ করবেন বলে জানিয়েছেন।

আগামী বছরের শুরুর দিকে চলচ্চিত্রটির কাজ শুরু হবে। ছবিটির চিত্রনাট্য লিখেছিলেন কেভি বিজয়েন্দ্র প্রসাদ। তিনি বাহুবলী সিরিজের গল্প লিখেছিলেন। বহুল বিতর্কিত ও আলোচিত অযোদ্ধার রাম মন্দিরের মতো বিষয় নিয়ে কেন ছবি প্রযোজনায় আগ্রহী হলেন কঙ্গনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘শত বছর ধরে রাম মন্দির অত্যন্ত স্পর্শকাতর বিষয় হয়ে আছে। আশির দশকে জন্ম নেয়া শিশু হিসেবে বড় হওয়ার সময় থেকে নানাভাবে অযোদ্ধা নামটি শুনে এসেছি। মামলাটি ভারতীয় রাজনীতির মুখোশ উন্মোচন করেছে এবং এর রায়ের মাধ্যমে শত বছরের পুরনো বিরোধের নিষ্পত্তি ঘটল।’ একই সঙ্গে কঙ্গনা জানিয়েছেন, বিষয়টি তার ব্যক্তিজীবনকেও প্রভাবিত করেছে সবসময়। ফলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এ রকম বিষয়ের ওপরই প্রথম ছবি প্রযোজনা করবেন। এদিকে প্রয়াত রাজনীতিবিদ জয়ললিতার ওপর নির্মিত চলচ্চিত্র ‘থালাইভি’তে অভিনয় করতে দেখা যাবে। এতে জয়ললিতার চরিত্রে তিনি অভিনয় করবেন।

উল্লেখ্য, ভারতের অযোধ্যায় যে স্থানটি নিয়ে বহু বছর ধরে দ্বন্দ্ব চলছিল, সেখানে একটি হিন্দু মন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। পাশাপাশি মুসলিমদের মসজিদ বানানোর জন্য আলাদা জায়গা বরাদ্দের আদেশ দেয়া হয়েছে অযোধ্যারই অন্য কোনো ‘বিকল্প’ স্থানে। এ মন্দির ও মসজিদ বানানোর জন্য কেন্দ্রীয় সরকারকে একটি ট্রাস্ট গঠনেরও নির্দেশ দেয়া হয়েছে।

 

সূত্র: ডেকান ক্রনিক্যালস