বছরভরেই নাটক আনে সিএমভি। তাদের নাটক মূলত তরুণদের নিয়ে। তরুণ তারকারা অভিনয় করেন। গল্পেও থাকে তারুণ্যের ছাপ। ঈদে বিশেষ নাটক নিয়ে হাজির হয় সিএমভি। এবারো বেশকিছু নাটক আনছে তারা। এর মধ্যে মহিদুল মহিম নির্মাণ করেছেন ‘ফিরে দেখা’।

এমন এক মজার গল্পে নির্মাণ হলো সিএমভির ঈদের নাটক ফিরে দেখা। মহিদুল মহিমের চিত্রনাট্য ও নির্মাণে এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। সিনেমাটোগ্রাফিতে ছিলেন কামরুল ইসলাম শুভ।

নাটকের গল্পটা মজার। নাটকে দেখা যাবে, প্রেমিকাকে বিয়ের আসর থেকে তুলে সোজা সুন্দরবন নিয়ে যায় প্রেমিক! অথচ সে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ঘটেছে অন্তত এক বছর আগেই। বিষয়টা একেবারেই অদ্ভুত। কিন্তু তার ব্যাখ্যাও আছে।

নাটকটি সম্পর্কে নির্মাতা বলেন, ‘এটা প্রেমের গল্প। সুন্দরবন অ্যাডভেঞ্চারের গল্প। হারানো সম্পর্ক ফিরে পাওয়ার গল্প। ঈদ উৎসবে অন্য রকম একটা গল্প।’

নির্মাতা জানান, নাটকটির শুটিং হয়েছে সুন্দরবনের বিভিন্ন লোকেশনে।

ফিরে দেখার প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ আয়োজনে সিএমভির ব্যানারে প্রকাশ হবে অন্তত ২০টি বিশেষ নাটক। যার শুরুটা হবে চাঁদরাত থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।