নির্মাতা সঞ্জয় লীলা বানসালির পরবর্তী ছবি গাঙ্গুবাই কাঠিয়াওয়াডিতে অভিনয়ের জন্য প্রস্তুত আলিয়া ভাট। গাঙ্গুবাই চরিত্রটিকে নিজের মধ্যে ধারণ করতে চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না মহেশকন্যা আলিয়া। চরিত্রটির জন্য শারীরিক অঙ্গভঙ্গির পরিবর্তন ও ‘অশালীন’ কিছু শব্দ শেখা ব্যতীত ছবিতে আলিয়াকে কোনো ধরনের নজরকাড়া পোশাক পরতে, লিপসিং করতে এমনকি নাচতেও দেখা যাবে না।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, ছবিতে যে ধরনের চরিত্রে আলিয়া অভিনয় করছেন, সে ধরনের কস্টিউমেই তাকে দেখানো হবে। এর বাইরে অন্য কোনো কস্টিউমে তাকে দেখা যাবে না। এছাড়া ছবিতে তাকে খুব অল্পস্বল্প হাসিখুশিভাবে উপস্থাপন করা হবে।

এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, ডাবিংয়ের সময় আলিয়া দ্বিতীয়বার কোনো সুযোগ পাবেন না। শুটিং চলাকালীন সংলাপই হবে চূড়ান্ত সংলাপ। আরো বিশদভাবে এ প্রতিবেদনে বলা হয়, আলিয়া ছবিতে একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করবেন। কাজেই ছবিতে তাকে গাইতে অথবা নাচতে দেখা যাবে না। পরিচালক সঞ্জয় লীলা বানসালি আলিয়ার জন্য কয়েকটি লোকসংগীত রচনা করেছেন। তবে সে গানগুলোর সঙ্গে আলিয়ার লিপসিং থাকবে না। গানগুলো মূলত ব্যাকগ্রাউন্ডে বাজানো হবে।


গাঙ্গুবাই কাঠিয়াওয়াডিতে অভিনয়ের জন্য আলিয়া এর মধ্যে কাঠিয়াওয়াডি ভাষাও শিখে ফেলেছেন। এমনকি নির্মাতা মুম্বাইয়ের গুজরাটি থিয়েটারের কয়েকজন স্বনামধন্য ব্যক্তিত্বের কাছে পৌঁছে গিয়েছিলেন। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো আলিয়াকে সঞ্জয় লীলার সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করতে দেখা যাবে। গাঙ্গুবাই ছবিতে অজয় দেবগনও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।

এর আগে সালমান খান ও আলিয়াকে নিয়ে সঞ্জয় লীলা বানসালি ইনশাল্লাহ ছবির পরিকল্পনা করেছিলেন। কিন্তু অভিনেতা এবং পরিচালকের মধ্যকার কিছু অপ্রকাশিত বিবাদের কারণে শেষ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।

গাঙ্গুবাই ছাড়াও বর্তমানে আলিয়ার ঝুলিতে বেশ কয়েকটি দুর্দান্ত ছবি রয়েছে। এর মধ্যে মহেশ ভাটের সাদাক টু ছবিতে আলিয়ার সহঅভিনেতা আদিত্য রায় কাপুর, আরিয়ান মুখার্জির ব্রহ্মাস্ত্রতে আলিয়ার বিপরীতে রয়েছেন রণবীর কাপুর, করণ জোহরের তখত এবং পরিচালক রাজামৌলির আরএসএস-এও দেখা যাবে এ অভিনেত্রীকে।