ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। কিছুদিন আগে ‘মায়ের শাসন’ নামের নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। এবার তিনি হাজির হয়েছেন আরো এক আলোচিত চরিত্রে ঘরের নেত্রী নামের একক নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাট্যনির্মাতা মহিন খান।

নাটকে হিমির বিপরীতে রয়েছেন নিলয় আলমগীর। এছাড়া অভিনয় করেছেন রিমু রেজা খন্দকার, সেলজুক তারিকুল, নূর-এ কাঞ্চন, খান আতিক, আফতাব উদ্দিন, হারুন রশীদ বান্টি, টিএ তুহিন, ইমরান হোসেন, অনুভব মাহবুব, খায়রুন নিশাত মনি, শুভজিৎ রায়, হাসিমুন প্রমুখ। নাটকটি সম্প্রতি নাফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এবং দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এ নাটক নিয়ে হিমি বলেন, ‘ঘরের ভেতর থেকেই নারীরা ক্ষমতার অধিকারী হয়ে উঠতে পারেন। বিষয়টি গল্পের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। হাসির ছলে সমাজের বাস্তবতা ফুটিয়ে তোলা ঘরের নেত্রী নাটকের মূল উদ্দেশ্য।’

তিনি আরো বলেন, ‘চরিত্রটিতে ভিন্নতা আছে, যা আমাকে নতুনরূপে দেখার সুযোগ দেবে দর্শককে। এর আগে আমি অনেক হাস্যরসাত্মক নাটকে অভিনয় করেছি, তবে ঘরের নেত্রী কিছুটা ভিন্ন ধরনের চরিত্র এবং গল্পের সঙ্গে দর্শকের সামনে আসবে। গল্প, চরিত্র, অভিনয় সব মিলিয়ে আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবে।’

এদিকে হিমি বর্তমানে নতুন ধরনের গল্প ও চরিত্র নিয়ে আরো কয়েকটি নাটকের কাজে ব্যস্ত সময় পার করছেন। তিনি জানান, নতুন এ নাটকগুলো আগামী বছরের বিভিন্ন সময়ে দর্শকের জন্য উন্মুক্ত হবে। এছাড়া এ অভিনেত্রী দর্শককে আরো নতুন চরিত্র উপহার দিতে চলেছেন।