বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের কিংবদন্তি অভিনয়শিল্পী আবুল হায়াত ও ডলি জহুর আবারো একসঙ্গে অভিনয় করেছেন। তাদের নতুন নাটকের নাম ‘লাইফ ইজ বিউটিফুল’। দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করার আনন্দ উভয়ের মনেই স্পষ্ট।
নাটকটি প্রযোজনা করেছেন রঙ্গন মিউজিকের কর্ণধার মো. জামাল হোসেন। রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং নির্মাণ করেছেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী। সম্প্রতি টানা তিনদিনে নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘এখন দর্শক ও প্রযোজকদের ৮০ শতাংশ পারিবারিক সম্পর্কভিত্তিক গল্প চায়। এ ধরনের গল্প দর্শকের মনে ভালো লাগার অনুভূতি জাগায়। আমি চেষ্টা করি এমন গল্পে কাজ করি, যেখানে শক্তিমান অভিনেতারা থাকেন। শান্তনুর লেখা গল্পটি শিল্পীদের পাঠানো হলে সবাই পছন্দ করেছেন। আর তিনদিনে শুটিং শেষ করতে পারলাম।’
অভিনেতা আবুল হায়াত বলেন, ‘চয়নিকা একজন ভীষণ সচেতন ও বিচক্ষণ নির্মাতা। তার নাটকের প্রাণ গল্প। সবাই আন্তরিকভাবে কাজ করছে। লাইফ ইজ বিউটিফুল নিয়ে আমি আশাবাদী। অনেক দিন পর ডলির সঙ্গে কাজ করে আনন্দ লাগছে।’
ডলি জহুর বলেন, ‘হায়াত ভাই সত্যিকারের কিংবদন্তি। তার সঙ্গে বহু নাটক ও সিনেমায় কাজ করেছি। তার সঙ্গে কাজ করলে মনে হয় না যে আমরা নাটক করছি।










