মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। কিছুদিন আগে তার অভিনীত ‘৩৬ ২৪ ৩৬’ সিনেমাটি বড় পর্দায় মুক্তি পায়। এবার জানা গেল, চলচ্চিত্র নির্মাতা সাদেক সিদ্দিকীর নতুন সিনেমা দেনা পাওনাতে চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। সিনেমাটি ২০২২-২৩ সালের সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে। ২৩ জানুয়ারি থেকে রাজধানীর অদূরে হোতাপাড়া খতিব খামার বাড়িতে টানা বেশ কয়েক দিন এ সিনেমার শুটিং চলবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে। সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী জানান, প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়েই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন। এরই মধ্যে নিরুপমা চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দীঘি। তাকে নিরুপমা চরিত্রে চূড়ান্ত করে নির্মাতা সাদেক সিদ্দিকীও বেশ উচ্ছ্বসিত। দীঘি নিজেও রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত। তিনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘সত্যি বলতে কি, দুই বছর ধরেই এ সিনেমায় কাজ করা নিয়ে কথা হচ্ছিল। যখন সাদেক সিদ্দিকী আঙ্কেলের কাছে গল্পটা ভালোভাবে শুনি, তখন আমার কাছে মনে হলো যে নিরুপমা চরিত্রটিতে অভিনয় করার যথেষ্ট সুযোগ রয়েছে। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ হবে, এখানেও একটা পরম আগ্রহ বা ভালো লাগা আছে কাজটি করায়। আমার কাছে মনে হচ্ছে, সাদেক সিদ্দিকী আঙ্কেলের পুরো টিম বেশ আন্তরিকতা নিয়ে ভীষণ গুছিয়ে কাজটি করবেন। যাতে কোনো ভুল ত্রুটি না থাকে এবং দর্শক যেন ভীষণ আগ্রহ নিয়ে সিনেমাটি মুক্তির পর হলে গিয়ে উপভোগ করেন।’ দেনা পাওনা সিনেমাটির চিত্ররূপ ও সংলাপ মিরণ মহিউদ্দিনের। চিত্রনাট্য করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী।
সিনেমাটি নিয়ে নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন, ‘অনুদান যখন পাই, তখন থেকেই আসলে দীঘির সঙ্গে এ সিনেমায় নিরুপমা চরিত্রে অভিনয় করা নিয়ে কথা হচ্ছিল। এ সময় দীঘি আরো অনেক ম্যাচিউরড, বেশ ভালো অভিনয় করে। তার আচার-আচরণও মুগ্ধ করার মতো। নিরুপমা চরিত্রের জন্য পারফেক্ট মনে হয়েছে বলেই শেষ পর্যন্ত তাকে নিয়েই কাজটি করতে যাচ্ছি। আমার মনে হয়, দর্শক নতুন এক দীঘিকে দেখতে পাবেন দেনা পাওনা সিনেমায়। তার জন্য অনেক অনেক শুভ কামনা।’ এদিকে দীঘি অভিনীত ‘প্রিয় প্রাক্তন’ ও ‘জঙ্গী’ সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়।










