ভারতীয় পাইলট রাকেশ শর্মার বায়োপিক স্যালুট-এ অনেক দিন ধরেই শাহরুখ খানের অভিনয়ের কথা শোনা যাচ্ছিল। এবার সত্যি সত্যিই তিনি এ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরটি প্রকাশ করেছে। এছাড়া স্যালুট-এর নারী চরিত্রটিও চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। এ ছবিতে এবার কিং খানের সঙ্গে প্রধান নারী চরিত্রে দেখা যাবে দঙ্গলকন্যা ফাতিমা সানা শেখকে। যদি এ খবর সত্যি হয়, তাহলে দঙ্গলকন্যার জন্য এটা হবে সত্যিই খুব আনন্দের। কারণ তিনি সবসময় এ সুপারস্টারের ভক্ত হিসেবে নিজেকে দাবি করে এসেছেন। শাহরুখের সঙ্গে অভিনয় প্রসঙ্গে এক সাক্ষাত্কারে ফাতিমা সানা বলেন, ‘কিং
অব রোমান্সখ্যাত শাহরুখের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত।’ এর আগে ফাতিমা বলিউডের মি. পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে দঙ্গল ও থাগস অব হিন্দুস্তান-এ অভিনয় করেন। ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ রায় কাপুর ও রনি স্ক্রুওয়ালা।
ছবিটিতে রাকেশ শর্মার চরিত্রেই অভিনয় করবেন শাহরুখ। এর আগে শাহরুখ এ ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে গুঞ্জন উঠেছিল। এছাড়া স্যালুট আমির খানের করার কথা থাকলেও পরে তা শাহরুখকে দেয়া হয়েছিল বলেও খবর প্রকাশ হয়। এমনকি স্যালুট-এ ভিকি কৌশলের অভিনয়ের কথাও শোনা যায়। অবশ্য এসব জল্পনা-কল্পনাকে ছাড়িয়ে স্যালুট এখন বলিউডের কিং খানের ঝুলিতে। স্যালুট-এর কাজ ২০১৯ সালে শুরুর কথা থাকলেও তা হয়নি। কারণ ২০১৮ সালে মুক্তি পাওয়া জিরোর ব্যর্থতার পর শাহরুখ কিছুদিন সময় নিতে চেয়েছিলেন।










