বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতারকৃত অভিনেত্রী শমী কায়সারের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গত ৫ নভেম্বর উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মামলাটি করেন সৈয়দ হাসান মাহমুদ নামে একজন বিএনপি কর্মী। অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শমী কায়সারসহ অন্যান্য আসামিরা ছাত্রদের বিরুদ্ধে হত্যাচেষ্টায় লিপ্ত ছিলেন। মামলায় শমী কায়সার ছাড়াও শেখ হাসিনা, তারানা হালিম, মমতাজসহ মোট ১৭ জনকে আসামি করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে শমী কায়সারের বিভিন্ন মন্তব্য তাকে বিতর্কিত করে তোলে। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করার অভিযোগে তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। গত ১৩ অক্টোবর মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন মোহাম্মদ রেজওয়ান কবির।
এর আগে, গত ১৪ আগস্ট ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে শমী কায়সার পদত্যাগ করেন।










