জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার আবারো শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে হাজির হয়েছেন। এবার তিনি প্রকাশ করলেন ভিন্ন ধাঁচের একটি নতুন গান। গানটির শিরোনাম ‘এই ব্যথা’।
কাব্যিক কথামালায় সাজানো এ গানের কথায় রয়েছে গভীর অনুভূতি ও আবেগ। ‘এই ব্যথা কি তোমার অনুগত/চাইলেই রোদে এসে পেতে দেয় গা/এই ব্যথা কি দিনান্তে কোনো হাওয়া/স্বপ্নের মতো সারা রাত্রি জেগে থাকা’—এমন পঙ্ক্তিতে গানটি লিখেছেন মাহি ফ্লোরা। গানটির সুর করেছেন এহসান রাহি এবং সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।
গানটির ভিডিওটি পরিচালনা করেছেন শুভব্রত সরকার। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনে আয়োজন করা হয় গানটির প্রকাশনা উৎসব। সেখানে শিল্পী বাপ্পা মজুমদারকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাসসহ সংগীতাঙ্গনের অনেক পরিচিত মুখ। অনুষ্ঠানে ছিল গান নিয়ে আলোচনা, স্মৃতিচারণা ও আনন্দঘন মুহূর্ত।
নতুন গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘অনেক দিন পর আয়োজন করে একটি গান প্রকাশ করতে পারলাম, এতে আমি সত্যিই আনন্দিত। এ গানে যারা কাজ করেছেন, সবাই খুব ট্যালেন্টেড। প্রত্যেকে নিজের সেরাটা দিয়েছেন। ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের মিউজিক ভিডিও আমাদের দেশে একেবারেই নতুন। এটি দর্শকের জন্য ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে বিশ্বাস।’ তার আশা, গানটি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।
ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার কণ্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘বাপ্পাদার এই ব্যথা প্রকাশ করতে পেরে ধ্রুব মিউজিক স্টেশন আনন্দিত।’ তিনি আশা প্রকাশ করেন, গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।
ডিএমএস সূত্রে জানানো হয়েছে, ১৮ ডিসেম্বর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে এই ব্যথা গানটির ভিডিও প্রকাশ করা হয়। একই সঙ্গে গানটি দেশী ও আন্তর্জাতিক সব ডিজিটাল মিউজিক প্লাটফর্মেও শোনা যাচ্ছে।










