নাটকপ্রিয় দর্শকের কাছে ইয়াশ-তটিনী এক ভালোবাসার নাম। অসংখ্য নাটকে তারা জুটি বেঁধে কাজ করেছেন। দর্শকপ্রিয়তা পেয়েছে তাদের অসংখ্য নাটক। ভক্তদের মধ্যে রয়েছে এ জুটির প্রতি আগ্রহ। বছর শেষে জুটি হয়ে নতুন একটি নাটক নিয়ে সামনে এলেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। এর নাম রাখা হয়েছে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অয়ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। মধ্যবিত্ত পরিবারের ছেলে সে। বেকার হওয়ার কারণে ভাই-ভাবির খোঁচা হজম করতে হয় তাকে। বাবা-মা নিরুপায়। অন্যদিকে তমা চরিত্রে আছেন তটিনী। তার মা নিজের এক আত্মীয়ের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চায়। বিপত্নীক ছেলের দুই সন্তান আছে। এটা জানতে পেরে ঘর থেকে পালিয়ে যায় তমা। নাটকটিতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, সমু চৌধুরী, এমএনইউ রাজু, দিশা, রিমু রোজা খন্দকার, মিজু ইনজাম, রিপন। কখনো মেঘ কখনো বৃষ্টি নাটকের জন্য নতুন একটি গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। ‘তোমার চুলে’ শিরোনামের গানটি লিখেছেন জনি হক। গতকাল ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে প্রকাশ হয়েছে এর মিউজিক ভিডিও। নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরায়। চিত্রগ্রহণ করেছেন নাজমুল হাসান। সম্পাদনা ও রঙ বিন্যাসে রাশেদ রাব্বি। নাটকটির আবহ সংগীত করেছেন আরফিন রুমি। গতকাল দুপুর ১২টায় সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে কখনো মেঘ কখনো বৃষ্টি।