ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগ শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জানিয়েছেন, এদিন অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে পরীমনি আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়।

অন্যদিকে বাদীপক্ষ অভিযোগ গঠন শুনানির পক্ষে আবেদন করেন। আদালতে সময়ের আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এর আগে, গত বছরের ১৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মো. মনির হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে চিত্রনায়িকা পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে অভিযুক্ত করা হয়।

প্রসঙ্গত, ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পরই আদালত পরবর্তী কার্যক্রম শুরু করেন।