নারীকেন্দ্রিক সিনেমা নির্মাণের জন্য বিখ্যাত মধুর ভান্ডারকর। তবে এরপর তিনি চেষ্টা করেছেন একটা অ্যাকশন সিনেমা নির্মাণের। সে সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আবার চেয়েছিলেন শাহরুখ খানকে। শাহরুখেরও মত ছিল বলে জানা যায়। কিন্তু সিনেমাটি নির্মাণ করা সম্ভব হয়নি। ‘ইন্সপেক্টর গালিব’ নামের সে সিনেমা নিয়ে আবারো ফিরতে চান মধুর ভান্ডারকর। কেন্দ্রীয় চরিত্রে শাহরুখকেই রাখতে চান এ নির্মাতা। সম্প্রতি পিংকভিলার সঙ্গে এক সাক্ষাৎকারে মধুর ভান্ডারকর জানিয়েছেন সিনেমাটি কেন বানানো হয়নি। তিনি বলেন, ‘আমার প্রিয় একটা চিত্রনাট্য এটা। রেখে দিয়েছি যত্ন করে। কখনো চিন্তা করিনি সিনেমাটি হবে না। যখন কাজ করার কথা চিন্তা করি, সে সময়ই অতিমারী এসেছিল। শাহরুখ খানের সঙ্গে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপর আমি ওটা রেখে দিলাম।’ ইন্সপেক্টর গালিবের পটভূমি উত্তর প্রদেশ। তিনি সেখানকার একজন পুলিশ অফিসার, তা সিনেমার নাম থেকেই বোঝা যায়। মধুর ভান্ডারকর জানাচ্ছেন, সিনেমাটি অ্যাকশন-প্যাকড। তবে অবাস্তব কিছু নেই। পুরো সেটআপটা বাস্তবধর্মী।

সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস