এবার আলোচনা হচ্ছে ভিন্ন কারণে। সম্প্রতি মুম্বাইয়ের অভিজাত এলাকা ওরলিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি।

সম্প্রতি প্রকাশিত সম্পত্তি নিবন্ধন নথি অনুযায়ী, তিনি তার মা শর্মিষ্ঠা ঘোষাল ও বাবা বিশ্বজিৎ ঘোষালের সঙ্গে যৌথভাবে এই ফ্ল্যাট ক্রয় করেছেন। অ্যাপার্টমেন্টটির মূল্য প্রায় ২৯ কোটি ৭০ লাখ রুপি। এটি অবস্থিত ‘গোদরেজ ট্রিলজি’ নামের একটি প্রিমিয়াম আবাসন প্রকল্পে। ফ্ল্যাটটির কারপেট এরিয়া প্রায় ২ হাজার ৪৩০ বর্গফুট এবং মোট আয়তন প্রায় ২ হাজার ৭৫০ বর্গফুট। এছাড়া এই ফ্ল্যাটের সঙ্গে তিনি পাচ্ছেন তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধা।

এ সম্পত্তি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি হিসেবে প্রায় ১ কোটি ৭৮ লাখ রুপি পরিশোধ করা হয়েছে। নিবন্ধন ফি বাবদ খরচ হয়েছে ৩০ হাজার রুপি। ১ এপ্রিল ২০২৬ এ চুক্তি নিবন্ধিত হয়েছে বলে জানা গেছে।

মুম্বাইয়ের রিয়েল এস্টেট বাজারে ওরলি এখন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। দক্ষিণ মুম্বাই, লোয়ার পারেল, প্রভাদেবী ও বান্দ্রার পর এ এলাকা দ্রুতই বিলাসবহুল আবাসনের হটস্পটে পরিণত হয়েছে। এখানে প্রতি বর্গফুটের দাম ১ লাখ রুপিরও বেশি হতে পারে।

ওরলির অন্যতম আকর্ষণ এর উন্নত যোগাযোগ ব্যবস্থা। বান্দ্রা-ওরলি সি লিংক, অ্যানি বেসান্ত রোড এবং ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের মাধ্যমে শহরের বিভিন্ন অংশে সহজেই যাতায়াত করা যায়। এছাড়া কাছেই রয়েছে বান্দ্রা কুরলা কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকা।

গত কয়েক বছরে ওরলি উচ্চবিত্তদের জন্য একটি প্রিমিয়াম আবাসিক এলাকায় রূপ নিয়েছে। এখানে বিলাসবহুল টাওয়ার, আধুনিক অফিস স্পেস এবং উন্নত সামাজিক অবকাঠামো গড়ে উঠেছে। ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, নামী শিক্ষাপ্রতিষ্ঠান এবং উন্নত স্বাস্থ্যসেবাও এ এলাকার আকর্ষণ বাড়িয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালে এখানেই ৭০০ কোটির বেশি দামে ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বিক্রির রেকর্ড হয়েছিল। গত তিন বছর ১০০ কোটির বেশি মূল্যের ২০টিরও বেশি আবাসিক লেনদেন হয়েছে এ এলাকায়।

উল্লেখ্য, শ্রেয়া ঘোষাল ভারতীয় সংগীতজগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ জিতে তিনি আলোচনায় আসেন। পরবর্তী সময়ে দেবদাস চলচ্চিত্রে গান গেয়ে বলিউডে যাত্রা শুরু করেন। ‘বৈরি পিয়া’সহ বহু জনপ্রিয় গান তাকে এনে দিয়েছে ব্যাপক খ্যাতি।

সূত্র: হিন্দুস্তান টাইমস