বলিউড চলচ্চিত্র গুড নিউজ বক্স অফিসে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। সদ্য বিদায়ী বছরে মুক্তি পাওয়া আলোচিত এ ছবি মুক্তির সপ্তম দিনে এসে মোট আয় করেছে ১২৭ কোটি ৯০ লাখ রুপি। গুড নিউজ ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, কারিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্চ ও কিয়ারা আদভানি। ছবির এ সফলতা নতুন মুক্তি পাওয়া ছবি ভাঙ্গরা পা লে, সাব কুশল মঙ্গল ও সিমলা মিরচি ছবির জন্য বেশ প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে বলেই আভাস পাওয়া যাচ্ছে।

ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তারান আদর্শ বক্স অফিসে গুড নিউজ-এর এগিয়ে চলা নিয়ে বিস্তারিত লিখেছেন। তিনি জানিয়েছেন, প্রথম সপ্তাহে গুড নিউজ অসাধারণ সফলতা পেয়েছে। গত সপ্তাহে মুক্তির প্রথম দিন থেকে টানা সাতদিনের পর্যায়ক্রমিক আয়ের হিসাব দিয়ে তারান জানিয়েছেন, ছবিটি গত শুক্রবার ১৭ কোটি ৫৬ লাখ, শনিবার ২১ কোটি ৭৮ লাখ, রোববার ২৫ কোটি ৬৫ লাখ, সোমবার ১৩ কোটি ৪১ লাখ, মঙ্গলবার ১৬ কোটি ২০ লাখ, বুধবার ২২ কোটি ৫০ লাখ ও বৃহস্পতিবার ১০ কোটি ৮০ লাখ রুপি আয় করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে তিনি আরো একটি টুইটে ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, চলতি সপ্তাহে গুড নিউজ আরো বেশি সফলতা পাবে। এমনকি দ্বিতীয় সপ্তাহে এসে তা ২০০ কোটির ক্লাবেও জায়গা করে নিতে পারে।

গত ২৭ ডিসেম্বর ভারতের প্রেক্ষাগৃহে গুড নিউজ একযোগে মুক্তি পায়। ছবিটির অনন্য গল্প একে এগিয়ে চলতে সহায়তা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজ মেহতা পরিচালিত এ ছবিকে তিন তারকা রেটিং দিয়েছেন সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর চলচ্চিত্র সমালোচক শুভ্র গুপ্ত।

এদিকে গুড নিউজ ১০০ কোটির ক্লাবে জায়গা করে নেয়ার ফলে অভিনেতা অক্ষয় কুমারের ক্যারিয়ারে যোগ হয়েছে বাড়তি মাইলফলক। এ নিয়ে গত এক বছরে তার চার চারটি চলচ্চিত্র ১ বিলিয়ন রুপি আয়ের রেকর্ড গড়ল। ২০১৯ সালে অক্ষয় অভিনীত হাউজফুল ৪, কেশরি, মিশন মঙ্গল ছবিগুলো আলাদাভাবে ১ বিলিয়নের বেশি রুপি আয় করে। গুড নিউজ ছবিটি প্রযোজনা করেছে জি স্টুডিও।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও খালিজ টাইমস