হলিউডের সুপারহিরো ইতিহাসে স্যাম রাইমির নাম আলাদা গুরুত্ব বহন করে। ২০০২-০৭ সালের মধ্যে তার পরিচালিত তিনটি সিনেমা মুক্তি পায়। সোনির ব্যানারে স্পাইডার-ম্যানের তার তিনটি ‘স্পাইডার-ম্যান’ সিনেমা শুধু বক্স অফিসে ঝড় তোলেনি, বরং টোবি ম্যাগুয়ার অভিনীত পিটার পার্কার ও কারস্টেন ডানস্টের মেরি জেন ওয়াটসনকে এক প্রজন্মের দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে দিয়েছিল। তবে সে যুগের স্পাইডার-ম্যান কি আবার বড় পর্দায় ফিরবে? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্যাম রাইমির বক্তব্যে সে সম্ভাবনায় কার্যত ইতি টেনেছেন তিনি নিজেই।
স্ক্রিন রÅvন্টকে দেয়া সাক্ষাৎকারে রাইমি স্পষ্ট ভাষায় জানান, তার নির্মিত স্পাইডার-ম্যান জগৎ ‘অন্য কোথাও এগিয়ে গেছে’ এবং সেটিকে নতুন করে ফিরিয়ে আনার সম্ভাবনা খুবই ক্ষীণ। স্পাইডার-ম্যান শুধু একজন নির্মাতার সৃষ্টি নয়, এটি বহু মানুষের সম্মিলিত অবদান।
রাইমি বলেন, ‘স্ট্যান লি চরিত্রটি সৃষ্টি করেছিলেন। কিন্তু নিউইয়র্কে মার্ভেলের লেখকদের একটি পুরো দল বছরের পর বছর ধরে এ চরিত্রের গল্প গড়ে তুলেছে। ৪০ বছরের কমিকসের ইতিহাসের পর অল্প সময়ের জন্য আমাকে সে দায়িত্ব দেয়া হয়েছিল। তিনটি সিনেমা বানানোর পর আমি সে মশাল অন্যের হাতে তুলে দিয়েছি।’
রাইমির কথায় স্পষ্ট, তিনি মনে করেন একটি চরিত্রকে সময়ের সঙ্গে এগিয়ে যেতে দিতে হয়। নতুন নির্মাতা, নতুন দর্শক ও নতুন গল্প সব মিলিয়েই স্পাইডার-ম্যানের যাত্রা অব্যাহত থাকা উচিত। তাই আবার নিজের সংস্করণে ফিরে যাওয়াকে তিনি ‘সঠিক’ মনে করেন না।
উল্লেখ্য, রাইমির পর ২০১২ সালে মার্ক ওয়েব পরিচালিত ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’-এ অ্যান্ড্রু গারফিল্ড নতুনভাবে চরিত্রটিকে তুলে ধরেন। ২০১৬ সালে মার্ভেল স্টুডিওস স্পাইডার-ম্যানের স্বত্ব ফিরে পাওয়ার পর ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এর মাধ্যমে টম হল্যান্ডকে এমসিইউতে পরিচয় করিয়ে দেয়া হয়। এরপর একের পর এক সফল সিনেমা—‘হোমকামিং’, ‘ফার ফ্রম হোম’ ও ‘নো ওয়ে হোম’—স্পাইডার-ম্যানকে আরো বড় পরিসরে পৌঁছে দেয়।
এদিকে স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে শিগগিরই। সদ্য শুটিং শেষ করা নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আগামী ৩১ জুলাই মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন ‘শাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দ্য টেন রিংস’খ্যাত পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। সিনেমার অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন জেন্ডেয়া, জন বার্নথাল, স্যাডি সিঙ্ক, মার্ক রাফালো, ট্রামেল টিলম্যান, মাইকেল মান্ডো ও জ্যাকব ব্যাটালন।
সব মিলিয়ে স্পষ্ট, স্যাম রাইমির স্পাইডার-ম্যান হয়তো স্মৃতিতে বেঁচে থাকবে, ফিরে আসবে না নতুন কোনো সিনেমায়। তবে তার রেখে যাওয়া উত্তরাধিকারই আজকের স্পাইডার-ম্যানের পথচলার ভিত্তি, এ কথা অস্বীকার করার উপায় নেই।
সূত্র: ভ্যারাইটি










