তরুণ প্রজন্মের জনপ্রিয় নাট্যাভিনেত্রী ফারিণ খান। এবার তিনি দর্শকদের সামনে হাজির হয়েছেন নতুন নাটক ‘মেঘছায়া’ নিয়ে। ২৪ অক্টোবর ইউটিউবে প্রকাশিত নাটকটি রচনা করেছেন মামুনুর রশিদ তানিম এবং নির্মাণ করেছেন অপু শর্মা। নাটকটিতে ফারিণ খানের সঙ্গে অভিনয় করেছেন সোহেল মন্ডল, নাহিদা বৃষ্টি, শওকত হোসেন মামুন, মাহমুদ আলমসহ আরো অনেকে।
ফারিণ খান বলেন, ‘মেঘছায়া একটি হৃদয়স্পর্শী মানবিক গল্প। এতে উঠে এসেছে প্রেম, ত্যাগ ও সম্পর্কের জটিল টানাপড়েন। অতীতের ছায়া বর্তমানকে ঘিরে ধরে যখন ভালোবাসা, অপরাধবোধ ও ক্ষমার সীমানা মিলেমিশে যায়, ঠিক তখনই গল্পটি এক অপ্রত্যাশিত মোড়ে পৌঁছে। আমি এ ধরনের ভিন্ন ঘরানার গল্পে অভিনয় করতে সবসময় আগ্রহী, কারণ এতে নিজেকে মনের মতো উপস্থাপন করা যায়। নাটকে আমার সহ-অভিনেতা সোহেল মন্ডলের অভিনয়ও অসাধারণ, চরিত্রের মধ্যে সহজেই তিনি ডুবে যেতে পারেন। আগেও তার সঙ্গে অভিনয় করেছি, সব মিলিয়ে মেঘছায়া খুব চমৎকার একটি নাটক হয়েছে।’
নাটকটি প্রথমে এনটিভিতে সম্প্রচারিত হয়েছিল এবং পরে এনটিভির ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়েছে। ফারিণ খান বলেন, ‘প্রচারের পর দর্শকদের সাড়া পাওয়া অত্যন্ত আনন্দদায়ক। ইউটিউবে প্রকাশের পরও ধীরে ধীরে নাটকটি ভালো সাড়া পাচ্ছে। দর্শকদের কাছে বিনীত আহ্বান, নাটকটি অবশ্যই দেখুন।’
ফারিণ খান আপাতত কোনো সিনেমায় কাজ না করলেও ‘জংলি’, ‘দাগী’, ‘টগর’ সিনেমার প্রস্তাব পেয়েছিলেন। ফারিণ খানের সাম্প্রতিক উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘আজান’, ‘ফায়ার ফাইটার’, ‘রূপবান’, ‘মুহূর্ত’, ‘অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ’, ‘আবদার’, ‘মনের মাঝে তুমি’, ‘বন্ধুত্ব নাকি ভালোবাসা’, ‘অবশেষে তুমি আমি’, ‘সুইচ’, ‘আহারে জীবন’ ইত্যাদি। এ নাটকগুলোর মধ্যে বেশকিছু দর্শকপ্রিয়তা পেয়েছে এবং ফারিণের অভিনয়কে নতুন মাত্রা দিয়েছে।










