ইরানের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র উৎসবের একটি ফজর ফিল্ম ফেস্টিভ্যাল
ফজর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রধান চলচ্চিত্র উৎসবের একটি। আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনেও রয়েছে এর সুনাম। সম্প্রতি ফজর ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে অভিযোগ করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম তাদের উৎসবের পেজ অ্যাকাউন্ট স্থগিত করেছে। প্রতিষ্ঠানটির বক্তব্য, যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের রেভল্যুশনারি গার্ডসের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার পর তার প্রতি সহমর্মিতা প্রকাশ করার কারণেই ইনস্টাগ্রাম ফজর ফিল্ম ফেস্টিভ্যালের অ্যাকাউন্টটি স্থগিত করেছে। তেহরান টাইমস-এর খবরে আরো জানা গেছে, একই কারণে আরো কয়েকজন ইরানি তারকা ও সাধারণ নাগরিকের অ্যাকাউন্টও সরিয়ে ফেলেছে ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রাম যাদের অ্যাকাউন্ট স্থগিত করেছে, তারা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগকারীদের ভাষ্য, তাদের অ্যাকাউন্ট সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে ইনস্টাগ্রাম বাক্স্বাধীনতা প্রকাশের মৌলিক অধিকার ক্ষুণ্ন করেছে। অবশ্য এ অভিযোগ নিয়ে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
এর আগে গত বছর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি, ইরানের অভিজাত কুদস বাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি ও গ্রাউন্ড ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থগিত করে।
উল্লেখ্য, ১৯৮২ সাল থেকে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়ে আসছে ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতি বছরের ফেব্রুয়ারি ও এপ্রিলে এ উৎসব উদযাপিত হয়। ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় উৎসবটি আয়োজনে পৃষ্ঠপোষকতা করে আসছে। চলতি বছর এ উৎসবের ৩৮তম আয়োজন শুরু হবে আগামী ১৬ এপ্রিল, যা শেষ হবে ২৪ এপ্রিল। মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও ককেশাস অঞ্চল থেকে পাঠানো চলচ্চিত্রকে এ উৎসবে বিশেষ গুরুত্ব দেয়া হয়।
সূত্র: তেহরান টাইমস










