অনেকে ঈদের আগের দিন পর্যন্ত শুটিংয়ে ব্যস্ত থাকেন, আমি এটা কখনো করি না। পাঁচ-ছয়দিন আগেই কাজে ব্রেক নিয়ে নিই। আগেই বাড়িতে চলে আসি যেন আব্বা-আম্মাকে সময় দিতে পারি

আপনার ঈদ কেমন কাটছে?

অনেকে ঈদের আগের দিন পর্যন্ত শুটিংয়ে ব্যস্ত থাকেন, আমি এটা কখনো করি না। পাঁচ-ছয়দিন আগেই কাজে ব্রেক নিয়ে নিই। আগেই বাড়িতে চলে আসি যেন আব্বা-আম্মাকে সময় দিতে পারি। বাবা-মায়ের সঙ্গে ঈদ করাই আমার কাছে বড় আয়োজন।

আমি চট্টগ্রামে বাবা-মায়ের সঙ্গে ঈদ করি। আমাদের বাড়িতে একটা ঐতিহ্য রয়েছে যে ঈদের নামাজের পর পাড়ায় সবাই বের হই। সবাইকে সালাম করি। এটা ছোটবেলা থেকে করে আসতাম; এখনো হয়।

ঈদে কোন খাবারটি না থাকলেই নয়?

এ রকম কোনো খাবার নেই, যেটা না থাকলেই নয়। তবে আমাদের বাসায় সবসময় রাইতা করে। দই আর অনেকগুলো ফল দিয়ে তৈরি করা হয়। এটি আমার আব্বা খুব ভালো বানান। ঈদে যখন বিভিন্ন মানুষ আমাদের বাসায় আসে, তখন সবাই জানে যে রাইতাটা পাওয়া যায়। সবাই মজা করে খান। এটা আমাদের বাসার কমন একটা আইটেম।

আপনার ঈদের পোশাক নিয়ে যদি বলতেন...

আমি ঈদে পাঞ্জাবি পরি। ঈদের পরও পাঞ্জাবি পরা হয়। আসলে আমরা এমন একটি পেশায় কাজ করি, এত ধরনের কস্টিউম পরে ফেলতে হয়, ঈদের দিন যে স্পেশাল কিছু পরব এমনটা হয় না। তবে ঈদে পাঞ্জাবিটাই পরা হয়।

ঈদে বেড়াতে যাওয়া হয়?

আমি ঈদ করতে ঢাকা থেকে চট্টগ্রামে যাই, আর কোথাও ঘুরতে যাওয়া হয় না। চট্টগ্রামে বাড়ির সবার সঙ্গে ঈদ উদযাপন করাটা আমি অনেক এনজয় করি। ঈদে বাড়ির বাইরে কোথাও ঘুরতে যাওয়া ভালো লাগে না। আমার কাছে ঈদ মানেই পরিবার। ঈদে আলাদাভাবে কোথাও বেড়াতে যাওয়া আমার কখনো হয় না।

ঈদে বিনোদনের জন্য কী করেন?

সত্যি কথা বলতে, ঈদে আমি নিজের কাজগুলো দেখার চেষ্টা করি। ঈদের দিন বা ঈদের আগে-পরে যে কাজগুলো রিলিজ হয়, এগুলো প্রমোশনের জন্য বা কাজগুলো কেমন হলো, তাই দেখার চেষ্টা করি। ঈদ চলে গেলে বাকি কাজগুলো দেখা শুরু করি।

ঈদে অতিথি হিসেবে কারা আসেন?

আমার বন্ধুরা আসে। আত্মীয়-স্বজন, আমার কাজিনরা সবাই আসে। ঈদ তো দিনশেষে পরিবারের জন্য।

কখনো রান্না করতে আগ্রহী ছিলেন?

রান্না করতে আমি খুব একটা উৎসাহ বোধ করি না। যে কারণে রান্না আমার করা হয় না। তবে বিপদে পড়লে অবশ্যই করি।

ভালো কী রান্না করতে পারেন?

সব আইটেমই পারি। এখন ইউটিউবের যুগ। ইউটিউব দেখে যেকোনো আইটেম রান্না করা যায়। আমাকে বললে যেকোনো আইটেম রান্না করতে পারব। কিন্তু ওটা কতটুকু স্বাদ হবে সেটার গ্যারান্টি দিতে পারব না।