এ বছরও ব্যতিক্রম না। মুক্তি পেয়েছে দম, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার, রাক্ষস ও প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। দেশজুড়ে সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলোতে চলছে এ সিনেমাগুলো। নির্মাতারা চালাচ্ছেন প্রচারণা। সিনেমা দেখতে হল ও মাল্টিপ্লেক্সে যাচ্ছেন দর্শকও। গতকাল সরজমিনে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও এসকেএস টাওয়ার শাখায় দেখা যায় দর্শকরা সিনেমা দেখার জন্য ভিড় করেছেন।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও এসকেএস টাওয়ার শাখায় চলছে দম, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার, রাক্ষস। সিনেমাগুলো কেমন দর্শক পাচ্ছে, মাল্টিপ্লেক্সের অবস্থা কী তা নিয়ে কথা হয় স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদের সঙ্গে। বণিক বার্তাকে তিনি বলেন, ‘ঈদের দিন তো স্বাভাবিকভাবেই দর্শক আসেন সিনেমা দেখার জন্য। এবারো ব্যতিক্রম না। দুপুরের শো থেকেই দর্শক সিনেমা দেখতে আসছেন। তারা আগ্রহ নিয়ে সিনেমা দেখছেন।’

কোন সিনেমাগুলোর প্রতি দর্শক আগ্রহ দেখাচ্ছে—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সবগুলো সিনেমাই মোটামুটি হাউজফুল যাচ্ছে।’

এদিকে সিনেমাগুলোর নির্মাতারাও জানালেন যে তাদের সিনেমা দেখতে আসছেন দর্শক। রেদোয়ান রনি পরিচালিত ‘দম’ নিয়ে বণিক বার্তার কথা হয় এর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে বেলা দেড়টায় সিনেমার প্রথম শো ছিল স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখার ভিআইপি হলে। সেখানে চার-পাঁচটি সিট খালি ছিল। সে হিসেবে সিনেমা হাউজফুলই বলা চলে। কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, বিকাল ও সন্ধ্যার শোর কোনো টিকিট নেই। অর্থাৎ সিনেমা হাউজফুল যাচ্ছে।

সিনেমা মুক্তির পরপর দর্শকের প্রতিক্রিয়া সম্পর্কে বণিক বার্তাকে তানিম নূর বলেন, ‘ঈদের দিন তো সকালে শো থাকে না, বিকালের শোতেই দর্শকরা আসেন। এখন পর্যন্ত শুনছি বেশির ভাগ শো হাউজফুল।’

এদিকে মধুমিতা সিনেমা হলে শাকিব খানের প্রিন্স দেখার জন্য দর্শকদের ভিড় লক্ষ করা গেছে। বিগত কয়েক বছর শাকিব খানের সিনেমাগুলো সিনেমা হলে দর্শকদের নতুন করে ফেরাচ্ছে। দর্শকরা বলছেন, শাকিব খানের অভিনয় ও অ্যাকশনই তাদের ভালো লেগেছে। শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে উৎসবের এ মহাআনন্দে প্রিন্স দেখুন, দেশজুড়ে ১৩৩টি সিনেমা হলে একযোগে মহাসমারোহে চলছে।’

সাড়া পাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস ও রায়হান রাফী পরিচালিত প্রেসার কুকারও। নারীকেন্দ্রিক সিনেমা প্রেসার কুকার। ঈদের মৌসুমে এ ধারার সিনেমা তুলমামূলক কম দর্শক পায়। তবে রায়হান রাফীর পরিচালনা ও পরিচিতির কারণে এ সিনেমাটিও বেশ সাড়া পাচ্ছে। আর অ্যাকশন ঘরানার রাক্ষস নিয়েও আগ্রহ দেখাচ্ছেন দর্শক।

বাংলা সিনেমা এ সময়ে এসে আগের বছরগুলোর তুলনায় বেশি দর্শক পাচ্ছে। বিগত বছরেও দেখা গেছে দর্শকরা পরিবারসহ আসছেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। হল, মাল্টিপ্লেক্স ও সিনেমা ভেদে ভিন্ন বয়স ও শ্রেণীর দর্শকদের দেখা যাচ্ছে। তবে পরিবার নিয়ে সিনেমা দেখতে আসা দর্শক এ বছরও চোখে পড়েছে।

কলাবাগান থেকে বসুন্ধরা সিনেপ্লেক্সে সিনেমা দেখতে এসেছিলেন ফারুখ আহমেদ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি প্রিন্স দেখে এসেছেন এবং রাক্ষস দেখার জন্য অপেক্ষা করছিলেন। তিনি বলেন, ‘প্রিন্স আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এবার রাক্ষস দেখে তুলনা করে বলতে পারব কোনটা বেশি ভালো।’

রাক্ষস দেখেছেন আরিয়ান। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মামুন বলেন, ‘সিয়াম ভালো অভিনয় করেছেন। তবে সিনেমাটা বলিউড, সাউথ ইন্ডিয়ান সিনেমার সঙ্গে অনেক বেশি মেলে।’

পরিবার নিয়েও অনেকে এসেছেন রাক্ষস দেখার জন্য। আবার কেউ এসেছেন দম দেখার জন্য কিন্তু টিকিট না পেয়ে পরের শোর অপেক্ষা করছেন। সব মিলিয়ে বলা যায়, কিছুদিন ভালোই যাবে ঢাকাই সিনেমা।